হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে অনুমোদনহীন পথে গোপনে চলাচলের চেষ্টা করছিল দুটি তেলবাহী জাহাজ। এ সময় জাহাজ দুটির রাডার ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ ছিল। একপর্যায়ে নৌমাইনে আঘাত লাগলে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে শনিবার ভোরে বিবৃতিটি প্রচার করা হয়। খবর খালিজ টাইমসের।
অন্যদিকে, ইরানের নিয়মিত নৌবাহিনীর পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে বিপজ্জনক ও নিষিদ্ধ এলাকা দিয়ে চলাচল করছিল আরেকটি তেলবাহী জাহাজ। জাহাজটির অবস্থান শনাক্তকরণ ও পরিচয় প্রকাশকারী ব্যবস্থা বন্ধ ছিল। এ সময় নৌমাইনে আঘাত লাগলে জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটিকে চলাচল বন্ধ করতে বাধ্য করা হয়।
তিনটি জাহাজের নাম ও কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে ইরানের বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে আইআরজিসি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর একটি ছিল বিশাল আকৃতির তেলবাহী সুপারট্যাংকার। জানিয়েছে এএফপি।







