যুক্তরাষ্ট্রে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের যোগাযোগ ব্যবস্থায় ভয়াবহ যান্ত্রিক ত্রুটির জেরে শুক্রবার যুক্তরাষ্ট্রে নজিরবিহীন বিমান চলাচল বিপর্যয় দেখা দেয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) সন্ত্রাসী হামলার পর এটিই দেশটির ইতিহাসে দীর্ঘতম বিমান চলাচল স্থগিতের ঘটনা। প্রায় চার ঘণ্টা সব ফ্লাইট বন্ধ থাকার পর দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিষেধাজ্ঞা তুলে নিলেও বাতিল হয়েছে প্রায় ১০ হাজার ফ্লাইট, আর বিমানবন্দরে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর রাডার এবং যোগাযোগ ব্যবস্থায় তীব্র অস্থিরতা দেখা দেয়। মূলত সুইচ ও রাউটারগুলোতে অতিরিক্ত তথ্যের (ডেটা) চাপ তৈরি হওয়ায় তথ্যের গরমিল দেখা দেয় এবং নিরাপত্তার স্বার্থে পুরো ব্যবস্থাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হলেও ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে বেশ কয়েক দিন সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন:  হামের একটি টিকাও আমাদের হাতে ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১১টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ডেল্টা এয়ার লাইন্স ও আমেরিকান এয়ারলাইন্সের ২ হাজার ২০০টিরও বেশি করে এবং ইউনাইটেড এয়ারলাইন্সের ১ হাজার ৮০০ ফ্লাইট বাতিল হয়েছে। অনেক বড় বিমানবন্দরে উড়োজাহাজগুলোকে গেটের জন্য পাঁচ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।এই বিপর্যয়ে বোস্টন থেকে সিয়াটল এবং নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত সব বিমানবন্দরে যাত্রীদের উপচে পড়া ভিড় ও চরম ভোগান্তি দেখা দেয়। টোগোগামী যাত্রী এডওয়ার্ড কার্গবো কিংবা লন্ডনগামী যাত্রী লুইস মাহেরের মতো হাজার হাজার মানুষকে বিমানবন্দরের মেঝেতেই রাত কাটানোর প্রস্তুতি নিতে হয়েছে। তবে এই বিপর্যয় এফএএ-র নিজস্ব সিস্টেমের ত্রুটির কারণে হওয়ায় এয়ারলাইন্সগুলো যাত্রীদের কোনো ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না।

আরও পড়ুন:  ইরানের বেসামরিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প

এদিকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এই ঘটনার পেছনে কোনো সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারসাজির প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি; এটি মূলত যান্ত্রিক ত্রুটি। তবে, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) বিষয়টি তদন্ত করছে। অন্যদিকে, এই বিপর্যয়ের জন্য যুক্তরাষ্ট্রের পুরোনো প্রযুক্তির এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাকে দায়ী করে তা আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানিয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। এই ঘটনার প্রভাবে শেয়ারবাজারেও বড় ধরনের পতন ঘটেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ এয়ারলাইন্সগুলোর শেয়ারে।

তথ্যসূত্র; রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 12 =