১০ বছরের মধ্যে ইতিহাস হয়ে যাবে ক্যানসার—অ্যানথ্রোপিক প্রধানের দাবি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতির ফলে আগামী এক দশকের মধ্যে ক্যানসার, আলঝেইমার, হৃদ্‌রোগ ও মানসিক অসুস্থতার মতো জটিল রোগগুলো অতীতের বিষয় হয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। তবে তাঁর এই আশাবাদী পূর্বাভাসের সঙ্গে একমত নন ওষুধশিল্পের শীর্ষ নির্বাহী ও চিকিৎসাবিজ্ঞানীরা। তাঁদের মতে, রোগ নিরাময়ে এআইয়ের সম্ভাবনা থাকলেও এত অল্প সময়ে বড় ধরনের সাফল্য অর্জনের দাবি এখনই বাস্তবসম্মত নয়।

ক্লড (Claude) নামের এআই মডেলের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সিইও আমোদেই সম্প্রতি বলেন, ‘ক্যানসার, আলঝেইমার, হৃদ্‌রোগ ও মানসিক অসুস্থতা—আমার ধারণা, এক দশকেরও কম সময়ের মধ্যে এগুলো অতীতের বিষয় হয়ে যাবে।’ তাঁর মতে, এআইয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে মানবসভ্যতা এমন এক চিকিৎসাবিজ্ঞানের যুগে প্রবেশ করতে পারে, যেখানে সহস্রাব্দ ধরে অমীমাংসিত বহু সমস্যার সমাধান সম্ভব হবে।

আরও পড়ুন:  ইফতারের ভাজাপোড়ায় হৃদরোগ-স্ট্রোকের ঝুঁকি

আমোদেইয়ের মতো একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন এআই খাতের অন্য প্রভাবশালী ব্যক্তিরাও। ইলন মাস্কের পাশাপাশি গুগলের এআই বিভাগের প্রধান ডেমিস হাসাবিসও মনে করেন, এআই ওষুধ আবিষ্কারের দীর্ঘ প্রক্রিয়াকে কয়েক সপ্তাহে নামিয়ে আনতে পারে। এমনকি আগামী এক দশকের মধ্যে সব ধরনের রোগের অবসান ঘটানোর সম্ভাবনার কথাও বলেছেন তিনি।

এ ক্ষেত্রে গুগলের তৈরি এআই প্রযুক্তি আলফাফোল্ডের (AlphaFold) সাফল্যের উদাহরণ দেওয়া হচ্ছে। প্রযুক্তিটি ২০ কোটির বেশি প্রোটিনের গঠন শনাক্ত করতে সক্ষম হয়েছে, যা জীববিজ্ঞানের গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে বিজ্ঞানীদের মতে, প্রোটিনের গঠন শনাক্ত করা আর ক্যানসার বা আলঝেইমারের মতো জটিল রোগের কার্যকর চিকিৎসা আবিষ্কার করা এক বিষয় নয়।

এআই নিয়ে ওষুধশিল্পের সংশয়

ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লেইডেন এআইয়ের মাধ্যমে দ্রুত ওষুধ আবিষ্কারের এমন সময়সীমাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, প্রতিষ্ঠানটি প্রায় ৫০টি এআই কোম্পানির প্রযুক্তি ব্যবহার করে ১০ হাজার ওষুধের যৌগ বিশ্লেষণ করেও এমন কোনো কার্যকর ওষুধ পায়নি, যা এআই এককভাবে তৈরি করতে পেরেছে।

আরও পড়ুন:  হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৫ লাখ ৫ হাজার টাকা

বিশেষজ্ঞরা বলছেন, কম্পিউটারে সম্ভাবনাময় কোনো ওষুধের অণু শনাক্ত করাই চিকিৎসা আবিষ্কারের শেষ ধাপ নয়। সেটিকে পরীক্ষাগার, প্রাণীর শরীর এবং পরবর্তী সময়ে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হয়। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনও প্রয়োজন। একটি ওষুধ বাজারে আসতে সাধারণত ১০ থেকে ১২ বছর সময় লাগে। এআই প্রাথমিক গবেষণা ও সম্ভাব্য ওষুধ শনাক্ত করার কাজ দ্রুত করতে পারলেও এসব পরীক্ষার বিকল্প হতে পারে না।

জ্ঞানবিজ্ঞানী গ্যারি মার্কাস এবং হৃদ্‌রোগ বিশেষজ্ঞ এরিক টোপোলের মতো সমালোচকেরাও মনে করেন, বর্তমান এআই মডেলগুলোর জীববিজ্ঞানের জটিল কার্যকারণ বোঝার সক্ষমতা এখনো সীমিত। ২০২৬ সাল পর্যন্ত এআইয়ের নকশায় তৈরি কোনো ওষুধ পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল অনুমোদন পেয়ে চিকিৎসাক্ষেত্রে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়নি।

আরও পড়ুন:  আবারও ক্যানসারে আক্রান্ত সাবিনা ইয়াসমিন, চিকিৎসা চলছে সিঙ্গাপুরে

বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে ১৯৭০-এর দশকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ‘ক্যানসারবিরোধী যুদ্ধের’ কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন। সে সময়ও দ্রুত ক্যানসার জয় করার উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাঁদের মতে, এআই চিকিৎসাবিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, তবে সেই সম্ভাবনাকে নিশ্চিত সাফল্য হিসেবে উপস্থাপন করলে সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবতার চেয়ে অনেক বেশি বেড়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 9 =