উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় সংগীতসন্ধ্যা

বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় এক বিশেষ সংগীতসন্ধ্যার আয়োজন করা হচ্ছে। ‘মহানায়ক উত্তম কুমারের কণ্ঠসংগীত’ শিরোনামের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আগামী ৩ ডিসেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি শুরু হবে ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায়।

আয়োজকেরা জানিয়েছেন, এই অনুষ্ঠানে বাংলা নাগরিক গানের সমৃদ্ধ ঐতিহ্যের পাশাপাশি মহানায়ক উত্তম কুমারের চলচ্চিত্রে ব্যবহৃত জনপ্রিয় গানগুলো বিশেষভাবে পরিবেশিত হবে। বাংলা গানের দিকপাল শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং কিশোর কুমারের মতো কিংবদন্তিদের কণ্ঠে ধারণ করা যেসব গান আজও শ্রোতাদের মনে স্থায়ী আসন গেড়ে রয়েছে, সেই কালজয়ী সুরগুলোই এ সন্ধ্যায় নতুন করে তুলে ধরা হবে।

আরও পড়ুন:  দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে সরকার সব ধরণের পদক্ষেপ নেবে : তথ্য প্রতিমন্ত্রী

বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের অভিনয় ও ব্যক্তিত্ব যেমন রূপালি পর্দায় অনন্য স্বাক্ষর রেখেছে, তেমনি তাঁর বিভিন্ন চরিত্রে প্লেব্যাক করা গানগুলো সেই উপস্থিতিকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তুলেছে। দশকের পর দশক ধরে বাঙালির মননে জড়িয়ে থাকা এই সুরগুলো তাই কেবল একজন নায়কের স্মৃতিচারণ নয়, বরং পুরো বাংলা চলচ্চিত্রের সোনালী অধ্যায়কে স্মরণ করার এক সুযোগ তৈরি করে দেবে।

জলতরঙ্গের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই সংগীতসন্ধ্যার মধ্য দিয়ে সংগীতপ্রেমী দর্শকেরা বাংলা চলচ্চিত্র ও সংগীতের স্বর্ণযুগের আবেগময় আবহে আবারও ফিরে যাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে মহানায়ক উত্তম কুমার এবং তাঁর সৃষ্টিকে অমর করে রাখা সুরস্রষ্টা ও সংগীতশিল্পীদের প্রতি যৌথ শ্রদ্ধা নিবেদনের মাধ্যম হয়ে উঠবে এই আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =