‎প্রাথমিকে ৪২০ টির বেশি শিক্ষামূলক খেলা চালুর উদ্যোগ

‎প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে পাঠ শেখাতে ৪২০ টির বেশি শিক্ষামূলক খেলা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব খেলা তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে বাংলা, গণিত ও বিজ্ঞানের মতো বিষয়ের পাঠ শিশুদের কাছে আরও সহজ ও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) শিক্ষা সমন্বিতভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ ‎বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে ‘প্রাথমিক স্তরে স্টেম শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’—শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গণসাক্ষরতা অভিযান ও নেটজ বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে।

‎প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষাকে শুধু পাঠ্যবই ও পরীক্ষাকেন্দ্রিক রাখলে চলবে না। শিশুদের স্বাভাবিক কৌতূহল, সৃজনশীলতা, অনুসন্ধিৎসা ও বিশ্লেষণী চিন্তার বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল যন্ত্রের ক্রমবর্ধমান প্রভাবের এ সময়ে শিশুদের সমালোচনামূলক চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা শিক্ষাব্যবস্থার অন্যতম দায়িত্ব।’

আরও পড়ুন:  বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ

‎তিনি বলেন, ‘অনেক শিশু এখন অবসর ও সৃজনশীলতার সময় ডিজিটাল যন্ত্রে ব্যয় করছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের ফলে ভবিষ্যতের কর্মজগৎ ও দক্ষতার চাহিদায় বড় পরিবর্তন আসবে। অনেক প্রচলিত কাজের ধরন বদলে যাবে, কিছু কাজের প্রয়োজনীয়তাও কমে আসবে। তাই আগামী প্রজন্মকে প্রস্তুত করতে হলে প্রাথমিক স্তর থেকেই তাদের তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া, সমস্যা সমাধান এবং নতুন কিছু শেখার সক্ষমতা গড়ে তুলতে হবে। শুধু তথ্য জানা নয়, তথ্য বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারাই হবে শিক্ষার অন্যতম লক্ষ্য।’

‎শিক্ষকদের বেতন প্রসঙ্গে নিজের আগের এক বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বেতনের তুলনামূলক আলোচনা করতে গিয়ে আমি শিক্ষকদের বেতন পর্যাপ্ত বলেছি—এমন ধারণা সঠিক নয়। সেখানে বক্তব্যের মূল বিষয় ছিল, শিক্ষকতা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ পেশা। আগামী প্রজন্ম গড়ে তুলতে সবচেয়ে মেধাবী ও যোগ্য ব্যক্তিদের এ পেশায় আকৃষ্ট করতে হলে শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। একজন কৃষক যেমন পরবর্তী মৌসুমের জন্য সেরা বীজ সংরক্ষণ করেন, তেমনি আগামী প্রজন্ম গড়তে সবচেয়ে মেধাবী মানুষদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে হবে।

আরও পড়ুন:  সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

‎শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘শিশুরা যেন শুধু উপস্থিতি নিশ্চিত করতে নয়, বরং নতুন কিছু শেখার আগ্রহ ও আনন্দ নিয়ে বিদ্যালয়ে আসে, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যক্রমের সঙ্গে মিল রেখে ৪২০ টির বেশি শিক্ষামূলক খেলা তৈরির কাজ শুরু হয়েছে। পাশাপাশি পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষামূলক খেলনা ও উপকরণ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।’

‎উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘প্রথম শ্রেণিতে যোগ-বিয়োগ শেখানো কিংবা তৃতীয় শ্রেণিতে পরিসীমা ও ক্ষেত্রফলের ধারণা দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত খেলনা ও শিক্ষা উপকরণ ব্যবহার করা যেতে পারে। কোন শ্রেণির কোন অধ্যায়ে কী ধরনের উপকরণ ব্যবহার করলে শিশুরা সহজে শিখতে পারবে, তা নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আলোচনা করা হবে, যাতে স্থানীয়ভাবে মানসম্মত ও পাঠ্যক্রম উপযোগী শিক্ষাসামগ্রী তৈরি করা যায়।’

আরও পড়ুন:  প্রাথমিকে আসছে কঠোর নীতিমালা, শিক্ষক বদলিতে সংস্কারের ইঙ্গিত

‎সভায় ‘প্রাথমিক স্তরে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষা সংক্রান্ত সমীক্ষার ফলাফল’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কিল ইন্সপায়ারের প্রধান পরামর্শক মো. আতাউল গনি ওসমানি।

‎গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রাথমিক শিক্ষাক্রম বিভাগের সদস্য ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ অধ্যাপক মো. নুরুন্নবী আলম এবং নেটজ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শহিদুল ইসলাম। সভার শুরুতে সূচনা বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =