মন্ত্রণালয়ের গেজেট শাখা থেকে জারি করা এক স্মারকে গণবিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। স্মারকটিতে উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষর করেন।
মন্ত্রণালয় জানায়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য এর আগে বিভিন্ন সময়ে আবেদন গ্রহণ এবং যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আবেদনকারীদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে নির্ধারিত প্রক্রিয়ায় গেজেটভুক্তির বিষয়টি নিষ্পত্তি করা হয়।
নতুন করে গেজেটভুক্তির সুযোগ ও আবেদনের সময়সীমা নিয়ে আগ্রহী ব্যক্তিদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। এরই ধারাবাহিকতায় মন্ত্রণালয় আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে।
মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল এবং সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণের জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।







