আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন ৪ নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার তারা মহাকাশ স্টেশনে ডকিং করে। সেখানে তারা প্রায় ছয় মাস অবস্থান করবেন।
নতুন ক্রু সদস্যরা হলেন—যুক্তরাষ্ট্রের জেসিকা ওয়াটকিন্স ও লুক ডেলানি, কানাডার জোশুয়া কুটরিক এবং রাশিয়ার সের্গেই তেরেতিয়াতনিকভ।এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ক্রু-১৩ মিশনের চার সদস্যকে বহনকারী স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের ৭ ঘণ্টা ৫৫ মিনিট পর স্পেসএক্সের ‘গ্রেস’ নামের ড্রাগন ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি ডকিং পোর্টে যুক্ত হয়।

নাসার কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো মার্কিন মহাকাশযানের আইএসএসে পৌঁছানোর সবচেয়ে দ্রুততম সময়ের রেকর্ড।নাসা টিভিতে সরাসরি সম্প্রচারিত দৃশ্যে দেখা যায়, ঘণ্টায় প্রায় ১৭ হাজার ৫০০ মাইল (২৮ হাজার ১৬৩ কিলোমিটার) বেগে মহাকাশে ছুটতে থাকা ক্যাপসুলটি ধীরে ধীরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) দিকে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন:  ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর

ডকিং সম্পন্ন হওয়ার পর মাটিতে থাকা নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা ঘোষণা করেন, ‘ড্রাগনের হার্ড ক্যাপচার সম্পন্ন হয়েছে।’

এরপর ক্যাপসুলের হ্যাচ বা দরজা খোলা হবে।

এর মাধ্যমে নতুন চার সদস্য চাপ-নিয়ন্ত্রিত সংযোগপথ দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করবেন।মহাকাশযানটি উৎক্ষেপণের সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কতটা দূরে রয়েছে, তার ওপর স্টেশনে পৌঁছাতে কত সময় লাগবে তা অনেকটাই নির্ভর করে।এর আগে যুক্তরাষ্ট্রের মাটি থেকে উৎক্ষেপণ করা সর্বশেষ একটি ক্রুকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাতে ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছিল।

নতুন ক্রু-১৩ দলের মূলত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আইএসএসে পৌঁছানোর কথা ছিল। তবে ড্রাগন ক্যাপসুলে একটি লিক ধরা পড়ায় তাদের উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়।

ক্রু-১৩ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দায়িত্ব নেবে বর্তমান ক্রু-১২ দলের কাছ থেকে। ক্রু-১২-এর সদস্যরা হলেন যুক্তরাষ্ট্রের জেসিকা মেয়ার ও জ্যাক হ্যাথাওয়ে, ফ্রান্সের সোফি আদেনো এবং রাশিয়ার আন্দ্রেই ফেদায়েভ।আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে ক্রু-১২ দলের সদস্যরা আগামী সোমবারের মধ্যে পৃথিবীতে ফিরে আসতে পারেন।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

গত ২৫ বছর ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি নিয়মিতভাবে মানুষের বসবাসের বাইরে যায়নি। তবে পুরোনো হয়ে যাওয়া এই মহাকাশ স্টেশনকে ২০৩০ সালের দিকে কক্ষপথ থেকে সরিয়ে পৃথিবীর কোনো একটি মহাসাগরে পতন করানোর পরিকল্পনা রয়েছে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা চুক্তিতে ভাটা পড়লেও যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অন্যান্য অংশীদার দেশগুলো রাশিয়ার সঙ্গে আইএসএস নিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =