কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন মিথিলা

অভিনয় ও উন্নয়নকর্মের পরিচয়ের বাইরে এবার গবেষণায় নতুন অধ্যায় শুরু করলেন রাফিয়াত রশিদ মিথিলা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে প্রায় দুই দশকের পেশাগত সম্পর্কের পর যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। একই সাথে শিক্ষকতাতেও যুক্ত হয়ে নিজের দীর্ঘদিনের উন্নয়নকাজের অভিজ্ঞতাকে নতুন পরিসরে কাজে লাগানোর সুযোগ পেয়েছেন এই অভিনয়শিল্পী।

নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে সম্প্রতি এই নতুন কর্মজীবনের খবর জানিয়েছেন মিথিলা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’ এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে শিক্ষকতাও শুরু করেছেন বলে জানিয়েছেন মিথিলা।

কলম্বিয়ায় মিথিলার প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেওয়া। প্রাথমিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্যকে কেন্দ্র করে পরিচালিত হবে প্রকল্পটি।

আরও পড়ুন:  বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি কানাডার

মিথিলার ভাষ্য অনুযায়ী, জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে শিশুদের সুস্থ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ, সেবা ও সহায়ক পরিবেশের সাথে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। স্থানীয় মানুষের প্রয়োজনের সাথে গবেষণার উদ্দেশ্যকে সমন্বয় করে কাজ করতে চান তিনি।

এ ক্ষেত্রে উন্নয়ন খাতে দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রত্যাশা রয়েছে মিথিলার। তথ্য ও গবেষণাভিত্তিক প্রমাণ তৈরি করে প্রকল্পের কার্যক্রমকে আরও কার্যকর করার পাশাপাশি স্থানীয় বাস্তবতার সাথে গবেষণার যোগসূত্র তৈরিতে ভূমিকা রাখতে চান তিনি।

গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের সাথে নিজের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগও পেয়েছেন মিথিলা। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে তিনি ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পড়াচ্ছেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের অলাভজনক প্রতিষ্ঠানের বাস্তব কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবেন তিনি।

আরও পড়ুন:  নিউইয়র্কের ব্রুকলিনে অগ্নিকাণ্ড, আহত ১

নতুন দায়িত্বের খবর জানাতে গিয়ে দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিথিলা। তিনি জানান, তার পেশাগত বিকাশে ব্র্যাকের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিনোদন জগতের কাজের পাশাপাশি প্রায় ২০ বছর ব্র্যাকের সাথে যুক্ত ছিলেন তিনি। এর মধ্যে প্রায় ১৫ বছর ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন।

এবার বিশ্বের অন্যতম পরিচিত গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও শিক্ষকদের সাথে কাজ করার সুযোগকে নিজের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন মিথিলা। ক্যামেরার আলো থেকে কিছুটা দূরে থেকে উন্নয়ন ও গবেষণার কাজে নিজের বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। নতুন এই যাত্রার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন এই অভিনয়শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =