বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে নিরাপদ সড়ক চাই এর ১১তম মহাসমাবেশ। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ঢালিউডের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ায় লন্ডনে চিকিৎসায় শ খানেক কেমোথেরাপি গ্রহণ করেছেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ ১৫ মাসের চিকিৎসার মাথায় সম্প্রতি দেশে ফিরেছেন। দেশে ফিরেই নিরাপদ সড়ক চাই এর ১১তম মহাসমাবেশ অংশ নিলেন।
৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের এক গভীর বেদনাকে আমি মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম। আজও সেই আন্দোলন সারাদেশের মানুষের আন্দোলন। এটি আর আজ ইলিয়িাস কাঞ্চনের আন্দোলন নয়। এটি মানুষের আন্দোলন।
আমি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। দেশবাসীর কাছে আমার জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহতায়ালা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং মানুষের পাশে আবারও নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করার শক্তি দান করেন।
আমিও দেশের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য, নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আমি সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহণ মালিক-শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম এবং দেশের প্রতিটি সচেতন নাগরিককে এ আন্দোলনের অংশ হতে বলবো। আমরা একে অপরের প্রতিপক্ষ নই। আমরা সবাই মানুষের জীবনরক্ষার সহযোদ্ধা। আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন। আল্লাহ হাফেজ।







