স্মরণ-
অকাল প্রয়াত সহপাঠী মুন্নাকে ২৩ বছর আজ
‘তোমারে সঁপেছি আমাদের মর্মের বেদিতলে’
বাল্যবন্ধু, অকাল প্রয়াত সহপাঠী আবদুল্লাহ আল মামুন মুন্না’র ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। শৈশব বন্ধুদের মধ্যে আজ অনেকেই বেঁচে নেই। প্রাথমিক থেকে মাধ্যমিকের ঘরে যেতেই হারিয়েছি কিছু প্রিয়মুখ। সময়ের কঠিন স্রোতে অনেকেই হারিয়ে গেছে নির্মম বাস্তবতায়। কি অপূর্ব অসাধারণ আমাদের গ্রাম। পল্লী প্রান্তরে আমার জন্ম। শৈশবের মায়াময় দিনগুলির কথা বলছি। যেখানে মায়ায় মায়ায় জড়িয়ে ছিল ভালোবাসার নিগূঢ় উপাদান। জীবন এগিয়ে যাচ্ছে, ততই এখন মনে পড়ে শৈশবের কথা।
আমার পড়ালেখা শুরু মগধরা প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ে যেতে বাড়ি থেকে বের হলেই রাস্তায় দল বেঁধে একত্র হতাম বন্ধুরা। তাঁদের মধ্যে মুন্না ছিল অন্যতম। মুন্না, নামটাই আজ স্মৃতি। ভীষণ চটপটে দারুণ মেধাবী আর বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে জন্মেছিল। লিকলিকে দেহ শ্যাম বর্ণের মায়াবী চাহনি আর চঞ্চল স্বভাবের ছেলেটি সবার আদরের ছিল। বন্ধুদের মধ্যে সে ছিল ভীষণ দুষ্টু। পড়ালেখায় মনোযোগী অথচ মাঠে ছিল সরব। ফুটবল,ক্রিকেট ছাড়াও আমাদের প্রতিদিনের ছুটাছুটি খেলা ছিল নিত্য-নৈমিত্তিক ব্যাপার।
সপ্তম শ্রেণিতে উঠেই যেন তার দুষ্টুমি আকাশ চুলো। এক বর্ষণ মুখর দিনের কথা মনে পড়ছে। হঠাৎ সে নেই। মাঝে আসল পরীক্ষা। দু’ তিন বিষয় পরীক্ষা দেয়ার পর তার অনুপস্থিতি। খবর নিয়ে জানলাম, সে জর এবং পায়ে ব্যাথা। তারপর চিকিৎসক তাকে শহরে নিয়ে যাওয়ার পরামর্শ দিল। পারিবারিক অবস্থা ভালো থাকায় তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। চট্টগ্রাম যাওয়ার পর শরীরে ব্রোন ক্যান্সারের জীবাণু পাওয়া গেল। বাম পায়ে তীব্র ব্যাথা তাকে অশান্ত করে তুলল। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম থেকে ভারতের মাদ্রাস তাকে নেয়া হলো। ডাক্তার জানালো পা কেটে ফেলতে আর। বাবা মায়ের আশা ছিল অন্তত ছেলেটি বেঁচে থাকুক। সেই প্রাণান্তকর প্রচেষ্টার পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মুন্না দাঁড়িয়ে।
আমাদের জীবন যাচ্ছিল গভীর কষ্টে। তার অসুস্থতা আমাকে কষ্ট দিল ভীষণ। ল্যান্ডফোনে তার খবর নেয়া দুষ্কর হলেও নিয়মিত খোজ খবর নিতাম। দেশে আসল, স্টিমার থেকে তাকে নামিয়ে আনলাম। ভীষণ খুশিতে জড়িয়ে ধরলো। এরপর প্রতিদিন তাকে সকাল বিকেল দেখে আসতাম। সাহস দিতাম। তবুও যেন তার মুখে হাসি লেগে ছিল। এক পায়ে স্ক্র্যাচ দিয়ে দাঁড়িয়ে খেলার চেষ্টা করতো। উঠোনের রোদে বসে সে ছবি আকতো। এভাবে কিছু মাস গেল। ফের অসুস্থতা বাড়ল। চট্টগ্রামে রয়েল হাসপাতালে সে ভর্তি। আমি তখন জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য লেখাপড়া নিয়ে ব্যস্ত। তাকে দেখতে চাচার সঙ্গে চট্টগ্রাম গেলাম তাকে শেষ বারের মতো দেখে আসতে। অসুস্থ শয্যায় আমাকে দেখে সে কি কান্না। বুঝতে পারছিলাম এরপর জীবিত মুন্নাকে আর দেখার সুযোগ পাব না। পুরো এক সন্ধ্যা তার সঙ্গে কাটিয়ে বুক ভরা আর্তনাদে আমি ফিরলাম।
বিদায়ের মুহূর্তে তার কান্না,চিৎকার এখনো বুকে আঘাত করে। তার বাঁচার আকুতি জানিয়েছিল। সেই মুহূর্ত এখনো চোখে ভাসে। এর কিছুদিন পর এক সকালে খবর এলো মুন্নার মৃত্যু সংবাদ। সেদিন ছিল ১৩ নভেম্বর,২০০৩ সাল। দৌড়ে ছুটে গেলাম বাজারে। টেলিফোন করতেই শুনলাম সব। রোজার মাস তখন। বিকেলে স্পিড বোট করে তাকে আনা হলো। তার নিথর দেহ আসল বাড়িতে। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসল। ইফতার পূর্ব মুহূর্ত তার বাড়িতে কান্নার রোল। প্রতিবেশী, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী সবাই শোকে মুহ্যমান।
মৃত্যুর পর অনেকগুলো বছর কেটে গেছে কিন্তু তোমার স্মৃতি এখনও চিরজাগুরুক। এমনি করে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে,সবার হৃদয়ে।
তোমার শিল্প প্রতিভা আজও স্মরণ করি। ছোট্ট হাতের নিপুণ শিল্পে তোমার আঁকা ছবিগুলো জীবন্ত হয়ে উঠতো। সে এক অনন্য প্রতিভা। পড়াশোনা, শিল্পে,খেলাধুলা আর আড্ডায় সে ছিল ভীষণ প্রিয়। অকালেই সেই মহৎ প্রাণ হারিয়ে গেল এই সবুজ পৃথিবী থেকে। মৃত্যু নিয়ে কবি বলেছেন -ফুলের ছোট্ট জীবন, অথচ কি মহিমাময়। যৌবনে মৃত্যুই সুন্দর। তাই তুমি সুন্দরতম যাত্রাকেই বরণ করে নিলে । আর নিজেকে করে গেলে অমর।
কবি প্রেমেদ্র মিত্র লিখেছেন-
যে তারা জাগিয়া থাকে
তাকে লয়ে জীবনের খেলা, ভুবনের মেলা
যে তারা হারালো দ্যুতি, যে পাখি ভুলিয়া গেল গান
যে শাখে শুকালো পাতা /এ ভুবনে কোথা তাঁর স্থান ?







