সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দুর্ঘটনা থেকে নাকি নাশকতা—এ নিয়ে বৃহস্পতিবার সংসদে দুই দফা বিতর্ক হয়। যা একপর্যায়ে হট্টগোলে রূপ নেয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে বিরোধী দলের অভিযোগ, পেট্রল বোমা হামলা হয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাতের বাড়িতে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তা নাকচ করে বলেন, পেট্রল বোমার আলামত মেলেনি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। জবাবে বিরোধী দল বলে, সরকারি দল দায়মুক্তি দিচ্ছে আওয়ামী লীগকে।
বৃহস্পতিবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠক শুরুর পর প্রশ্নোত্তর চলাকালে নুসরাতের বাড়িতে আগুনের ঘটনাটি তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। স্পিকার তাকে প্রশ্নোত্তর পর্বের পর বক্তৃতা করার অনুরোধ করেন। একজন সংসদ সদস্যের বাড়িতে হামলাকে গুরুতর ঘটনা আখ্যা দিয়ে এনসিপির নাহিদ ইসলাম বক্তৃতা চালিয়ে যেতে চান। স্পিকার বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেই। তিনি থাকলে জবাব দিতে পারতেন।
নাহিদ ইসলাম যখন শ্লেষাত্মক ভঙ্গিতে বলেন, এই সরকারের কাছ থেকে আমরা জবাব আশা করি না। সংসদ সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানকারীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদের জানিয়ে দিক।’
এরপর সংসদের বৈঠকে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেন, বাড়িটিতে আগুন লাগানো হয়েছে, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। তবে প্রাথমিক তদন্তে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী বাড়িটি পরিত্যক্ত ছিল। কেউ বাস করত না। দুটি ছাগল ছিল। তিনি বলেন, তদন্ত শেষে বলা যাবে কী ঘটেছে। নাশকতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মাগরিবের নামাজের বিরতির পর বিষয়টি আবারও তোলেন নাহিদ ইসলাম। নুসরাতের বাড়িটিকে পরিত্যক্ত এবং গবাদিপশু রাখার গোয়ালঘর বলায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, বাইরে কিছু একটা নিক্ষেপ করার পর ধপ করে পুরো বাড়িতে আগুন জ্বলে। পরিত্যক্ত বাড়িও ছিল না, গবাদিপশুর বাড়িও ছিল না। সেখানে কিন্তু মানুষ বসবাস করতেন। গতকাল (বুধবার) রাতেও মানুষ ছিল। কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন সে বাসায় থাকতেন। গতকাল রাতে মানুষও মারা যেতে পারতেন। নুসরাত তাবাসসুমকে গত কয়েক দিন ধরে ফোনে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। দুই দিন আগে তিনি সাধারণ ডায়েরি করেছেন। সামাজিকমাধ্যমে পতিত ফ্যাসিস্ট শক্তির যে উল্লাস দেখছি, আওয়ামী লীগ নিজেরাই দায় স্বীকার করেছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দায়মুক্তি দিচ্ছেন।’
নাহিদ ইসলাম বলেন, আশা করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন কত ঘণ্টার মধ্যে দোষীদেরকে উনি শনাক্ত করে গ্রেপ্তার করবেন এবং বিচার করবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি অস্বীকার করে গেছেন। বাসে আগুনে মানুষ মরছে, বিশ্ববিদ্যালয়ে ককটেল ফুটছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, সমন্বয়কদের রামদা দিয়ে কোপানো হচ্ছে—এই সামগ্রিক চিত্র হচ্ছে বাংলাদেশের।
জবাবে সালাহউদ্দিন বলেন, সকালে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে যান। পরে পুলিশ সুপারকে পাঠানো হয়। বিজিবি গিয়েছিল। কোথাও পেট্রল বোমা যদি নিক্ষেপ করা হয়, সেখানে একটা চিহ্ন থাকবে।
নুসরাত তাবাসসুম অতীতে সাধারণ ডায়েরি করেছেন—এমন তথ্য নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন যদি বলে যে এখানে আগুন লাগানো হয়েছে সংসদ সদস্যের বাড়িতে এবং অন্যান্য প্রসঙ্গ টেনে নিয়ে আসে, তাহলে তো আমাকে আবার অন্যান্য প্রসঙ্গেও বলতে হবে। একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, এখানে যদি কোনো রকমের নাশকতা থাকে, আগুন লাগানোর ঘটনা থাকে, তাহলে সেটি সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। যদি আগুন লেগে যায় দুর্ঘটনাবশত তা তদন্তের পর বলা যাবে।
সরকারকে দোষারোপ না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তদন্ত কেবল আজ (বৃহস্পতিবার) শুরু হয়েছে। আগে ঘটনা ঘটলেই বিএনপি-জামায়াতকে দোষারোপ করা হতো। সেই কালচার থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা কাউকেও দোষারোপ করতে চাই না। এখানে যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, যদি ফ্যাসিবাদীর দোসররা কোনোভাবে এখানে জড়িত হয়ে থাকে, তাও খুঁজে বের করা হবে।
মন্ত্রীর এই বক্তব্যের পর এনসিপির সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকেন। জামায়াতে ইসলামীর কয়েকজন সংসদ সদস্যও এতে যোগ দেন। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এ সময়ে নিজ আসনে ছিলেন। ডেপুটি স্পিকার তাঁদের শান্ত করার চেষ্টা করেন।
সালাহউদ্দিন আহমদ তখন আবারও বলেন, বাড়িটি পরিত্যক্ত ছিল। দুটি ছাগল থাকত। এ বক্তব্যে আবার বিরোধী দলের এমপিরা হইচই করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দিতে বাধা দিতে থাকেন। এতে বিএনপির এমপিরা হইচই শুরু করেন। একজন বলেন, পোলাপান বেশি বেড়ে গেছে। এতে বিরোধীদের হইচই আরও বাড়ে। এই পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া হয়।
এরপর আবার দাঁড়ান সালাহউদ্দিন আহমদ। তিনি বক্তব্য শেষ করেন। তিনি আবারও বলেন, ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এবং বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নিদগ্ধ বাড়িটির ছবি দেখান সংসদে। তিনি বলেন, যে বাড়িতে আগুন লেগেছে, সেখানে কেউ বসবাস করতেন না। সংসদ সদস্য নুসরাতের বাবা-মা ২০ মিটার দূরে আরেকটি বাড়িতে ছিলেন।
এই পর্যায়ে ডেপুটি স্পিকার বলেন, স্পিকার নির্দেশনা দিয়েছেন তদন্ত প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে। তখন আবার দাঁড়িয়ে বলেন, তদন্ত প্রতিবেদন সংসদে উপস্থাপন করতে হলে, আগে এই সিদ্ধান্ত সংসদে অনুমোদিত হতে হবে।
এর আগে বিকেলে নাহিদ ইসলাম বলেন, যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি মনোযোগ থাকে, তাহলে আমাদের আমাদের পথ দেখতে হবে। আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট বিএনপি হবে। আমাদের পরিবার আক্রান্ত হলে, তাদের পরিবারও আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সরকারের যে আপসকামী মনোভাব, তা দেখছি।
নাহিদ বলেন, পুলিশ সুপার বলছেন ‘ফরেনসিক পরীক্ষা শেষ হয়নি’। কিন্তু ওসি বলছেন, ‘পেট্রল বোমার আলামত নেই’। তদন্তের আগে তিনি কীভাবে বললেন?
গত মঙ্গলবার মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান। যা তিনি নিজেই সামাজিকমাধ্যমে প্রচার করেন। নাহিদ ইসলাম বলেন, মৌলভীবাজারে আক্রমণ হয়। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে। একজনও গ্রেপ্তার হয়নি। সারাদেশে পেট্রল বোমা, ককটেল বিস্ফোরণ মুহুর্মুহু হচ্ছে।
বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আগুনের ঘটনা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। তবে প্রাথমিক তদন্তে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।




![৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী sala-uddin-al]](https://dakdiyejai.news/wp-content/uploads/2026/08/sala-uddin-al.webp)


