সুবিধাজনক তারিখে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও বৈঠক অব্যাহত রয়েছে। এর মধ্যে রয়েছে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনা।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত। সে অনুযায়ী বাণিজ্য, রেলওয়ে, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জয়সওয়াল জানান, বাংলাদেশ ও ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপের তারিখ দুই দেশের পারস্পরিক সুবিধা অনুযায়ী নির্ধারণ করা হবে। ওই সংলাপে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় আসবে।

আরও পড়ুন:  ২০২৩ সালে যাদের হারিয়েছি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আওতায়, এমনকি কারিগরি পর্যায়েও বাংলাদেশের সঙ্গে সব ধরনের বিষয় ও দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে ভারত।

জয়সওয়াল বলেন, কনস্যুলার সংলাপ পারস্পরিক সুবিধাজনক একটি তারিখে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের মধ্যে পঞ্চম দফার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দীর্ঘদিন ধরে প্রস্তুতি চলা এই সংলাপের ওপরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 14 =