৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’ চলচ্চিত্রটিকে বাংলাদেশের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে নির্বাচন করেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ বা সংবাদ সম্মেলনে এ মনোনয়ন ঘোষণা করা হয়। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি এবং অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের সামনে চূড়ান্ত মনোনীত চলচ্চিত্রের নাম ঘোষণা করেন।
৯৯তম অস্কারে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বরের মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। চলচ্চিত্রগুলো হলো, রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।
পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। বাকি চারটির মধ্য থেকে সিলেকশন কমিটির সদস্যদের দীর্ঘ বিশ্লেষণ ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ‘রইদ’ চলচ্চিত্রটিকে অস্কারে বাংলাদেশের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে নির্বাচন করা হয়।
সংবাদ সম্মেলনে ‘অস্কার বাংলাদেশ কমিটি’
ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারপারসন ছিলেন ড. জহিরুল ইসলাম কচি, সভাপতি, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। কমিটির সদস্যরা হলেন, সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম এবং শাহরীন আক্তার সুমি।
নির্বাচিত চলচ্চিত্রের নির্মাতা, প্রযোজক এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব শিল্পী ও কলাকুশলীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি। কমিটি জানিয়েছে, তাদের দৃঢ় বিশ্বাস চলচ্চিত্রটি বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ও সাংস্কৃতিক পরিচয়ের গৌরবোজ্জ্বল প্রতিনিধিত্ব করবে এবং দর্শকদের হৃদয় জয় করতে সক্ষম হবে।
বাংলাদেশের চলচ্চিত্রের এই বিশ্বযাত্রায় সব সময় পাশে থাকার জন্য গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্রানুরাগীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে কমিটি।







