দেশের হাই স্কুল ও মাদ্রাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন নিয়োগের আগে বিভিন্ন দূরবর্তী এলাকায় কর্মরত শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হবে।
সোমবার সকালে রাজধানী ঢাকার বনানীতে শেরাটন হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’- অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বদলির পর নতুন শিক্ষক নিয়োগের দিকে এগোবে সরকার। একই সঙ্গে শিক্ষকদের অবসর ভাতা দেওয়ার কার্যক্রমও সারাদেশে শুরু হয়েছে।
তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য আছে। এ বিষয়ক মামলার নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি পাবলিক স্কুলগুলোর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের লিখিত পরীক্ষা-সংক্রান্ত জটিলতাও শেষ হয়েছে। শিগগিরই এসব পদের ভাইভা নেওয়ার ব্যবস্থা করা হবে। কিউএস বাংলাদেশ ফোরামে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে। এ সময়ের মধ্যে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। এখন সেগুলো সমাধানে কাজ করা হচ্ছে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র্যা ঙ্কিংয়ে অবস্থান উন্নত করতে গবেষণার পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তাঁর মতে, মানসম্মত গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সংযোগ বাড়াতে হবে।







