প্রাথমিকে সংগীত শিক্ষকের পদ সৃষ্টিতে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (সংগীত) পদ সৃষ্টির উদ্যোগে মন্ত্রিপরিষদ বিভাগ অসম্মতি জানিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. নুরুল ইসলাম জানতে চান, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক (সংগীত) পদ সৃষ্টির যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার বর্তমান অবস্থা কী।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সহকারী শিক্ষক (সংগীত) পদ সৃষ্টির বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অসম্মতি প্রদান করা হয়েছে।

আরও পড়ুন:  শত্রুদের সঙ্গে মহানবী (সা.)-এর দয়ার্দ্র আচরণ

তবে মন্ত্রীর লিখিত উত্তরে মন্ত্রিপরিষদ বিভাগের এই অসম্মতির কারণ বা এ বিষয়ে ভবিষ্যতে নতুন কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, প্রাথমিক পর্যায়ে সংগীত শিক্ষা শিশুদের সৃজনশীলতা, নান্দনিক বোধ ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে দীর্ঘদিন ধরেই প্রাথমিক বিদ্যালয়ে সংগীতসহ বিভিন্ন বিষয়ে বিশেষায়িত শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে সহকারী শিক্ষকদের মাধ্যমেই সংগীত, চারুকলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আলাদা সংগীত শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আলোচনা হলেও তা এখনও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি।

রোববারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রীর এ লিখিত উত্তর সংসদের টেবিলে উপস্থাপন করা হয়।

আরও পড়ুন:  বাংলাদেশকে ২৮৬০ জনের নাগরিকত্ব যাচাইয়ের অনুরোধ ভারতের, ফেরতের প্রস্তুতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *