চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন শি জিনপিং

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্বের তিন প্রভাবশালী নেতার এই নজিরবিহীন যৌথ বৈঠক ঘিরে শহরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি।

বিবিসির খবরে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) শেনজেনে অবতরণের মধ্য দিয়ে নতুন এক ইতিহাসের অংশ হয়েছেন ট্রাম্প। দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম শহরটিতে পা রাখলেন তিনি। চীনের প্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শেনজেনকে দেশটির ‘সিলিকন ভ্যালি’ বলা হয়। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোরই আবাস এই শহর।

শেনজেনে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় ট্রাম্পের জন্য লালগালিচা বিছানো হয়। ট্রাম্পের আগমন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে জড়ো হন স্থানীয় বাসিন্দারাও। তার গাড়িবহরের পথের পাশে ছোট ছোট দলে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান তারা। ট্রাম্পের অবস্থানের কথা জানা গেছে- এমন একটি হোটেলের বাইরেও জড়ো হন স্থানীয়রা। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হোটেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত নয়: ডোনাল্ড ট্রাম্প

এক তরুণ মার্কিন প্রেসিডেন্টের হোটেলের কাছের একটি সড়কে অপেক্ষা করার সময় বলেন, ‘আমি আশা করি, ট্রাম্পের এই সফর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে পারবে।’ ঐতিহাসিক এই আয়োজন ঘিরে ১৮ মিলিয়ন মানুষের শহর শেনজেনের পার্ক ও সড়কগুলোতেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

প্রযুক্তির নগরী শেনজেন
শেনজেনকে চীনের আধুনিক উন্নয়নের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরতে চান শি জিনপিং। উচ্চপর্যায়ের পরিকল্পনা, দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি এবং সম্পদ সৃষ্টির এক অনন্য উদাহরণ এই শহর।

এখানে রয়েছে প্রযুক্তি উদ্যোক্তা, খাবার সরবরাহকারী ড্রোন এবং বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার। প্রযুক্তির নানা উদ্ভাবনের সূতিকাগার এই শহর। কাঁচামাল, উন্নত চিপ এবং লাভজনক বাজারে প্রবেশাধিকার নিয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে, তার সঙ্গেও শেনজেনের প্রযুক্তি খাতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন:  আনন্দবাজারের প্রতিবেদন: হাসিনা কি আবারও ক্ষমতায় ফিরতে পারবেন?

মাত্র চার দশক আগে ম্যানগ্রোভ জলাভূমির ওপর গড়ে ওঠা ঝকঝকে এই শহরকে স্থানীয়রা গর্বের সঙ্গে ‘অলৌকিক নগরী’ বলে থাকেন। কাউন্সিল অন ভার্টিক্যাল আরবানিজমের তথ্য অনুযায়ী, শেনজেনে নিউইয়র্কের চেয়েও বেশি আকাশচুম্বী ভবন রয়েছে। শিকাগোর তুলনায় এ সংখ্যা প্রায় তিন গুণ।

১৯৮০-এর দশকে চীনের তৎকালীন নেতা দেং শিয়াওপিং মুক্তবাজার অর্থনীতির পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে শেনজেনকে বেছে নেন। হংকংয়ের কাছাকাছি অবস্থিত শহরটিতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই ছিল ওই উদ্যোগের লক্ষ্য। সেই পরীক্ষার ধারাবাহিকতায় আজ শেনজেন চীনের প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + sixteen =