গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের গোপালগঞ্জ শহরের বাসায় ঢুকে ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে বাড়ির ওপরের তলায় অবস্থিত আরাফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে থানার পার্শ্ববর্তী সংসদ সদস্যের বাড়ির সামনের গেটে প্রথমে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাইরে থেকে ইট-পাটকেল ও লাঠিসোঁটা দিয়ে বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে তার ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর চালায়।
সংসদ সদস্যের বাসার ওপরের তলায় আরাফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অবস্থিত। সেখানে ভর্তি রোগীদের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক গর্ভবতী নারী, অস্ত্রোপচারের মাধ্যমে সদ্য সন্তান জন্ম দেওয়া মা, নবজাতক ও অন্যান্য রোগীকে নিয়ে তাদের স্বজনেরা দ্রুত ক্লিনিক ত্যাগ করতে থাকেন।
ঘটনার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।







