সামিটের এলএনজি থেকে গ্যাস সরবরাহ শুরু, কমবে সংকট

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) পুনঃগ্যাসীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এই সরবরাহ শুরু হয়।

ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার মধ্যে টার্মিনালের সর্বোচ্চ ৫৫০ এমএমসিএফডি সক্ষমতায় পৌঁছানোর প্রত্যাশা রয়েছে।

বর্ধিত গ্যাস সরবরাহের ফলে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য গ্রাহকের জন্য গ্যাসের প্রাপ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করার পাশাপাশি জ্বালানি ব্যবস্থার ওপর বিদ্যমান চাপও কমবে।

সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম বজায় রাখা এবং সর্বোচ্চ পরিমাণে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন:  জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

কোম্পানিটির মতে, বাংলাদেশের শিল্পোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং গ্যাস ঘাটতি নিরসনে সহায়তা করার জন্য কোম্পানিটি পেট্রোবাংলা ও বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 8 =