জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি, স্বস্তির আভাস শিল্প খাতে

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে। দেশীয় উৎসের গ্যাসের পাশাপাশি আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাতীয় গ্রিডে মোট ২৬০ কোটি ৬০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব এ তথ্য জানিয়েছেন।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় গ্রিডে সরবরাহ করা গ্যাসের মধ্যে দেশীয় উৎস থেকে এসেছে ১৬১ কোটি ৫০ লাখ ঘনফুট। আর আমদানি করা এলএনজি থেকে সরবরাহ হয়েছে ৯৯ কোটি ১০ লাখ ঘনফুট।

পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এলএনজি সরবরাহ করা হচ্ছে। দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজির মধ্যে সমন্বয় করে সরবরাহ বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন:  এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই: শিক্ষামন্ত্রী

দুই দিনে সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুটের বেশি পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ কোটি ঘনফুট। এর বিপরীতে সোমবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়েছিল ২৩৪ কোটি ৫৩ লাখ ঘনফুট। এর আগের দিন রোববার সরবরাহ ছিল ২৩৩ কোটি ১৯ লাখ ঘনফুট।

মঙ্গলবার বিকেল ৪টায় সরবরাহ দাঁড়ায় ২৬০ কোটি ৬০ লাখ ঘনফুটে। অর্থাৎ সোমবারের তুলনায় সরবরাহ বেড়েছে ২৬ কোটি ৭ লাখ ঘনফুট। আর রোববারের তুলনায় বেড়েছে ২৭ কোটি ৪১ লাখ ঘনফুট।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গ্যাসের সরবরাহ বাড়ায় বিদ্যুৎ উৎপাদন, শিল্প, সার উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে সরবরাহ পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে জাতীয় পর্যায়ে গ্যাসের দৈনিক চাহিদার তুলনায় সরবরাহ এখনো কম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 17 =