প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গর। একই সঙ্গে তিনি বাংলাদেশ নতুন মার্কিন বিনিয়োগের জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেছেন।
বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সার্জিও গর উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের ওপর মার্কিন সরকারের পূর্ণ আস্থা রয়েছে। তার নেতৃত্বেই বাংলাদেশে আবার স্থিতিশীলতা ফিরে এসেছে।
দ্বিপক্ষীয় এই বৈঠকে রোহিঙ্গাসংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় আগের দিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বিশেষ দূত বলেন, লাখ লাখ আশ্রয়হীন রোহিঙ্গাকে মানবিক সহায়তা প্রদান ও আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের অবদান প্রশংসনীয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈঠকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) সহযোগিতায় বাংলাদেশে খাদ্য ও ওষুধ মাননিয়ন্ত্রণ সংক্রান্ত পরীক্ষা কার্যক্রম পুনরায় শুরুর বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।
বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ সময় আইটি খাতে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে মার্কিন বিশেষ দূত বলেন, ভবিষ্যতে বাংলাদেশ তথ্য-প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক উদ্যোগ ‘প্যাক্স সিলিকা’র গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠতে পারে।
উচ্চ পর্যায়ের এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।







