বাংলাদেশ এখন ভ্রমণের জন্য নিরাপদ: ট্রাম্পের বিশেষ দূত

ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশে তাঁর প্রথম সরকারি সফর শেষ করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশের স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশকে ভ্রমণের জন্য এখন নিরাপদ ঘোষণা করেছে।

মার্কিন বিশেষ দূত তাঁর পোস্টে লেখেন, ‘আজ সন্ধ্যায় আমি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়েছি, স্টেট ডিপার্টমেন্ট স্থিতিশীল পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশকে ভ্রমণের জন্য নিরাপদ বলে মনে করছে। সে অনুযায়ী, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সামগ্রিক ট্রাভেল অ্যাডভাইজরি লেভেল ৩ থেকে লেভেল ২-এ নামিয়ে আনা হয়েছে। তবে কিছু এলাকায় অতিরিক্ত বিধিনিষেধ রয়েছে এবং সে জায়গাগুলো এড়িয়ে চলা উচিত। দারুণ খবর!’

আরও পড়ুন:  ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কে সমস্যা হবে না

বাংলাদেশে এটি ছিল যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরের প্রথম সরকারি সফর। সফর শেষে তিনি দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।

সফরকালে রাষ্ট্রদূত গর দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত গর বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করতে পেরে আমি আনন্দিত। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

সার্জিও গর ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব দিয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বাংলাদেশ সফরে এসেছেন।

আরও পড়ুন:  পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে ১০ অক্টোবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *