চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার সড়ককে ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ ‍জুন) রাতে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত জনসভায় বক্তব্যকালে এই ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ২৫ বছরে কক্সবাজারের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন পরেই মাতারবাড়ী বন্দর চালু হবে। আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য কক্সবাজার-চট্টগ্রাম সড়কটি অন্তত ৬ লেন হওয়া উচিত। এ সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ৪ থেকে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিয়ে শিগগির এর কাজ শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী।

লবণ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় না। আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, যাতে লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায়।

আরও পড়ুন:  ঈদের আগে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড চালু করতে চায় সরকার

প্রস্তাবিত বাজেটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দু’দিন আগে আমরা বাজেট উত্থাপন করেছি। যারা দেশ সম্পর্কে চিন্তা করে তারা বলেছে- এই বাজেটে দেশের মানুষের উপকার হবে। এই বাজেট জনগণের পক্ষের বাজেট। বাজেটে নিত্যপণ্যের ওপর ট্যাক্স উঠিয়ে নেয়া হয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ বাজেটের বিপক্ষে রাস্তায় নেমে মিছিল করেছে। যারা জনগণের বাজেট নিয়ে সমালোচনা করে, তারা জনগণের জন্য রাজনীতি করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *