প্রাথমিকের শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ ঘোষণা দেন এবং নানা বিষয়ের ওপর আলোচনা করেন।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষকদের বর্তমান বেতন কাঠামো বৃদ্ধি করা হবে।

যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। আগামী জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। ভবিষ্যতে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এর পাশাপাশি জিডিপির একটি বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার ওপর জোর দেন তিনি।
আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা প্রদানের আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, অতীতে আমরা দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করেছিলাম। এবার সরকার স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা আরো জোরদার করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:  রণক্ষেত্র নীলক্ষেত এলাকা: রাতভর যা ঘটল

প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কার্যক্রম জোরদারের কথা উল্লেখ করেন তিনি।

তিনি আরো জানান, চলমান জ্বালানি সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমাধান নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *