যুক্তরাষ্ট্রে তেলের মজুত বাড়ায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত বেড়ে যাওয়ার খবরে বুধবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় দরপতনের মাত্রা সীমিত রয়েছে।

বুধবার গ্রিনিচ মান সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৮ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে ৯১ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৮৫ ডলার বা ২ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ১৬ ডলারে নেমে আসে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ভান্দনা হরির মতে, ট্যাংকারে হামলা ও যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি আক্রমণের কারণে বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব রয়েছে। অন্যদিকে, বাজারে বড় ধরনের সরবরাহ উদ্বৃত্তের পূর্বাভাস দাম কমার চাপ তৈরি করছে।

আরও পড়ুন:  হরমুজ প্রণালি ঘিরে সুখবর দিল ইরান

এদিকে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দামের ব্যবধান সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, দুই ধরনের তেলের দামের ব্যবধান দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ বিশ্লেষক জুন গোহ বলেন, এশিয়া ও উত্তর-পশ্চিম ইউরোপে ডব্লিউটিআই সরবরাহের সুযোগ সীমিত থাকায় এর দাম ব্রেন্টের তুলনায় বেশি কমছে। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলীয় অঞ্চলে তেলের মজুত বাড়াও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে।

মার্কিন পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য উদ্ধৃত করে বাজারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৫২ লাখ ৮০ হাজার ব্যারেল বেড়েছে। একই সময়ে পেট্রলের মজুত বেড়েছে ৫১ লাখ ২০ হাজার ব্যারেল এবং ডিজেলসহ অন্যান্য পাতনজাত জ্বালানির মজুত বেড়েছে ৩ লাখ ৫১ হাজার ব্যারেল।

আরও পড়ুন:  ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

তবে মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি তেলের দামকে বড় ধরনের পতন থেকে কিছুটা রক্ষা করছে। বুধবার বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় ইরানের হামলা প্রতিহত করা হয়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। এর এক দিন আগে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে হামলা চালায়।

মঙ্গলবার ইরানের ড্রোন হামলায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায়। একই সময়ে ওমান ও কাতারের মধ্যস্থতায় ইরানের সঙ্গে আলোচনা চললেও সংঘাতের উত্তেজনা কমেনি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়েও উদ্বেগ অব্যাহত রয়েছে। সোমবার ওমানের উপকূলের কাছে প্রণালিটি দিয়ে যাওয়ার সময় একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী (এলপিজি) ট্যাংকারে প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটির কর্মীদের সরিয়ে নিতে হয়।

আরও পড়ুন:  টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সি হারাচ্ছেন শান্ত, ৩ গুরুতর অভিযোগ

এলএসইজির বিশ্লেষকদের মতে, বিকল্প পথে আঞ্চলিক তেল সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এদিকে ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা মঙ্গলবার জানিয়েছে, তারা সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশন লক্ষ্য করে পাঁচটি ড্রোন পাঠিয়েছে। যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ইয়ানবু বন্দরে তেল রপ্তানির জন্য এই পাইপলাইন ব্যবহার করা হচ্ছে। ফলে পাইপলাইনটি ঘিরে নতুন হামলার আশঙ্কাও বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + six =