কংগ্রেসে নিজেদের প্রতিনিধি নির্বাচনে মঙ্গলবার যুক্তরাষ্ট্রজুড়ে ২৩ কোটিরও বেশি নিবন্ধিত ভোটার ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশটির মধ্যবর্তী এই নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যের ভোটাররা তাদের গভর্নরও নির্বাচন করবেন। বর্তমানে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষই ক্ষমতাসীন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।
• বাংলাদেশ সময় কখন শুরু হবে ভোটগ্রহণ?
যুক্তরাষ্ট্রে ভোটগ্রহণ শুরুর কেন্দ্রীয়ভাবে নির্দিষ্ট কোনো সময় নেই। প্রতিটি অঙ্গরাজ্য তাদের নিজ নিজ নিয়ম অনুযায়ী ভোটগ্রহণের সময় নির্ধারণ ও পরিচালনা করে।
তবে দেশটিতে আজ সবার আগে ভোটগ্রহণ শুরু হবে ভার্মন্ট রাজ্যে স্থানীয় সময় ভোর ৫টায়। বাংলাদেশ সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৪টায় ভোটকেন্দ্র খুলে দেওয়া হবে। এরপর নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট এবং কেনটাকিতে স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টায়) শুরু হবে ভোটদান।
এছাড়া জর্জিয়া, ফ্লোরিডা, পেনসিলভানিয়া ও নিউ ইয়র্কে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে ভোটগ্রহণ শুরু হবে। ওহাইও ও নর্থ ক্যারোলিনায় ভোটগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। মিশিগানে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় কেন্দ্রগুলো খোলা হবে।
• ভোটগ্রহণ শেষ কখন?
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন টাইম জোনের কারণে ধাপে ধাপে কেন্দ্রগুলো বন্ধ হতে শুরু করবে। সবার আগে ইন্ডিয়ানা ও কেনটাকিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৪টায়) ভোটগ্রহণ সম্পন্ন হবে।
মিশিগানে রাত ৮টায় এবং কানসাসে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (উভয় স্থানে বাংলাদেশ সময় ভোর ৬টায়) ভোট গ্রহণ শেষ হবে। এছাড়া আইওয়াতে রাত ৮টায় (বুধবার বাংলাদেশ সময় ভোর ৭টায়) কেন্দ্রগুলো বন্ধ হবে।
সবার শেষে ভোট কেন্দ্র বন্ধ হবে আলাস্কায়, যা পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী বুধবার রাত ১টার দিকে। বাংলাদেশ সময় বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার দিকে ভোটগ্রহণ সমাপ্ত হবে এই রাজ্যে।
• কখন পাওয়া যাবে চূড়ান্ত ফলাফল?
ভোটগ্রহণ শেষ হতে শুরু করার সঙ্গেই মঙ্গলবার রাত থেকে প্রাথমিক ও আংশিক ফলাফল প্রকাশ হতে শুরু করবে।
মঙ্গলবার পুরো সন্ধ্যা পেরিয়ে বুধবারেও একের পর এক অঙ্গরাজ্যের গণনার ফল সামনে আসবে। রাজ্যগুলোর ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর নির্বাচনী কর্মকর্তারা তাদের নিজস্ব ভোট গণনার আনুষ্ঠানিক ডেটা প্রকাশ করা শুরু করবেন।
তবে প্রাথমিক ফলের সঙ্গে চূড়ান্ত বিজয়ী নিশ্চিতের সম্পর্ক নেই। নির্বাচনী কর্মকর্তারা কেন্দ্রভিত্তিক ব্যালট যাচাই ও গণনা শেষে পরিসংখ্যান প্রকাশ শুরু করবেন। মার্কিন বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মতো গণমাধ্যমগুলো সেই তথ্য বিশ্লেষণ করে আনুষ্ঠানিকভাবে কোনো আসনের বিজয়ী নিশ্চিত করে থাকে।
যে আসনগুলোতে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেগুলোর ফল পুরোপুরি পরিষ্কার হতে কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। ফলে ভোট শেষ হওয়ার পরপরই কোন দল কংগ্রেসের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নাও হতে পারে।
• যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যেভাবে দেওয়া হয় ভোট
ভোটাররা তাদের সুবিধা অনুযায়ী, ডাকযোগে, আগাম ভোট দিয়ে কিংবা নির্বাচনের দিন, অর্থাৎ মঙ্গলবার সশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনের রাতের পরও বিপুল পরিমাণ মেইল ব্যালট, প্রোভিশনাল ব্যালট এবং অন্যান্য বিশেষ ভোট গণনা করা অব্যাহত থাকে। এ কারণে চূড়ান্ত ও সরকারিভাবে ফল পেতে কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যায়।
• সবার নজর থাকবে যেসব আসনের লড়াইয়ে
সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের ৪টি বাড়তি আসনে জয় পেতে হবে। অপরদিকে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ডেমোক্র্যাটদের প্রয়োজন অন্তত ৩টি অতিরিক্ত আসন।
দুই মূল দলের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় যেসব মূল লড়াইয়ের দিকে সবার চোখ থাকবে:
• মিশিগান : ডেমোক্র্যাটিক প্রতিনিধি হ্যালি স্টিভেন্স রোববার রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন জানানোর পর পরিস্থিতি বদলে গেছে। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ এবং ট্রাম্পের অনুসারী মাইক রজার্সের মাঝে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।
• ফ্লোরিডা : ডেমোক্র্যাট প্রার্থী অ্যাঞ্জি নিক্সন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান সিনেটর অ্যাশলে মুডির বিপক্ষে।
• জর্জিয়া : ডেমোক্র্যাটিক সিনেটর জন অসফ লড়ছেন রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সের সঙ্গে।
• মেইন : অভিজ্ঞতা ও জনপ্রিয়তার বিচারে শক্ত অবস্থানে থাকা রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের বিপক্ষে দাঁড়িয়েছেন ডেমোক্র্যাট ট্রয় জ্যাকসন।
• নিউ হ্যাম্পশায়ার : ডেমোক্র্যাটিক প্রতিনিধি ক্রিস পাপাসের মুখোমুখি হচ্ছেন সাবেক রিপাবলিকান সিনেটর জন সুনুনু।
• নর্থ ক্যারোলিনা : সিনেট আসনে ডেমোক্র্যাট রয় কুপার লড়াই করছেন রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলির বিরুদ্ধে।
সূত্র: আল জাজিরা।







