তিন দিনের সফরে ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সার্জিও গোর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা দারুণ ছিল। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বাংলাদেশে ভ্রমণ এখন আগের থেকে বেশি নিরাপদ বলে মন্তব্য করেন ঢাকায় সফররত ট্রাম্পের বিশেষ দূত।
এক্স হ্যান্ডেলে দেয়া এক বার্তায় সার্জিও গোর জানান, ‘সন্ধ্যায় আমি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অবহিত করেছি যে, স্টেট ডিপার্টমেন্ট সার্বিক পরিস্থিতি স্থিতিশীল বলে বিবেচনা করেছে এবং বাংলাদেশকে ভ্রমণের জন্য আরও নিরাপদ বলে মনে করেছে। এ অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের সামগ্রিক ভ্রমণ সতর্কতা (ট্যুরিস্ট অ্যাডভাইজরি) লেভেল ৩ থেকে কমিয়ে লেভেল ২ করা হয়েছে। তবে অল্পকিছু এলাকায় অতিরিক্ত বিধিনিষেধ রয়েছে এবং তা এড়িয়ে চলা উচিত। দারুণ খবর!’

এর আগে দুপুরে ঢাকায় পৌঁছানোর পর নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের রাজধানীতে পৌঁছাতে পেরে এবং মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মিলিত হতে পেরে তিনি আনন্দিত। আগামী দুই দিন বেশ ফলপ্রসূ বৈঠকের প্রত্যাশা করছেন বলেও পোস্টে উল্লেখ করেন সার্জিও গোর।
ঝটিকা এই সফরে ব্যস্ত সময় পার করবেন মার্কিন এই জ্যেষ্ঠ কর্মকর্তা। সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও রাতেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও তার বৈঠকের সূচি নির্ধারিত আছে। এ ছাড়া সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন সার্জিও গোর। সেখানকার সার্বিক পরিস্থিতি নিজ চোখে পর্যবেক্ষণ করবেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এটি যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার ঢাকা সফর। ফলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ও আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।







