ম্যাচ শুরুর আগেই সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়ার সমর্থকেরা

উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার ভক্তদের অপেক্ষা ফুরাতে যাচ্ছে। আগামীকাল সকালে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযানে নামবে লিওনেল মেসির দল। মাঠে গড়ানোর আগেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা সেই ম্যাচকে ঘিরে এরই মধ্যে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।

আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচের আগেই দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ নিউইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কয়ারে এ ঘটনা ঘটে। প্রতিবেদনে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার সমর্থকেরা একটি পতাকা মিছিলের আয়োজন করেছিল। এ সময় আলজেরিয়ার সমর্থকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। পরবর্তী যা হাতাহাতিতে রূপ নেয়।

ঘটনার একটি ভিডিও প্রথমে ইনস্টাগ্রামের ব্রুটঅফিসিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত হয়। পরে সেটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি ও পতাকার রঙে সজ্জিত সমর্থকদের সঙ্গে আলজেরিয়ার সমর্থকদের ধাক্কাধাক্কি চলছে।

আরও পড়ুন:  আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাওয়ার জানালেন ফারিণ

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে টিওয়াইসি স্পোর্টস লেখেছে, শুরুতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ধাক্কাধাক্কির পাশাপাশি লাথির ঘটনাও ঘটে। সংঘর্ষের সময় আশপাশে অনেক দর্শক উপস্থিত ছিলেন। যাদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও ছিল। ভিডিওতে কয়েকজনকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা গেলেও তারা সফল হননি। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।

এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না কিংবা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, টাইমস স্কয়ারে আয়োজিত এই সমাবেশ ছিল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকদের অন্যতম বড় জমায়েত। একই সময়ে কানসাস সিটিতেও আর্জেন্টিনা সমর্থকদের আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমানে সেখানেই অবস্থান করছে লিওনেল স্কালোনির দল।

আরও পড়ুন:  আর্জেন্টিনা-চিলি উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *