৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

ঢাকার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির সঙ্গে মারা যাওয়া শিশুদের পরিবারের আলোচনায় যৌথভাবে গৃহীত এ সিদ্ধান্তের কথা রোববার (৭ জুন) জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।

তিনি জানান, আগের ঘোষিত সুযোগ-সুবিধাগুলি বহাল থাকবে। এর সঙ্গে প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়ার যৌথ সিদ্ধান্ত হয়েছে।

কোরবানির ঈদের আগের দিন (২৭ মে) ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর খবর বের হয়। আদ-দ্বীন ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিনও হাসপাতালের পক্ষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ঘটনার একটি বিবরণ দেন।

তিনি বলেন, হঠাৎ করে আমরা খবর পেয়েছি, যে তাদের (পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় শিশুর) শ্বাসকষ্ট হয়েছে এবং (ভোর) ৬টার সময় তাদের এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। এনআইসিইউতে নেওয়ার পরে দুই বাচ্চাকে মৃত পাওয়া গেছে আর বাকি চারটা বাচ্চা ভেরি ক্রিটিক্যাল অবস্থায় ছিল।

আরও পড়ুন:  শপথ নিলেন হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতি
তাদের ভেন্টিলেটরে দেওয়া হয়েছে। আমাদের নিওনেটাল আইসিইউতে ডাক্তাররা আছে, তারা অনেক চেষ্টা করেছে, রক্ষা করতে… মোট বাচ্চা ছয়টা মারা গেছে।

ঘটনাটি দেশজুড়ে আলোচনার ঝড় তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *