সোমবারের মধ্যে হরমুজ না খুললে ইরানে ‘নরক’ নেমে আসবে: ট্রাম্প

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দিতে দফায় দফায় হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালিটি খুলতে আবারও ইরানকে চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ করে দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে স্পষ্ট করে জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ সোমবারের (৬ এপ্রিল) মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’। 

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন ঘোষণা করেন বলে জানায় আলজাজিরা

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, এর আগেও দেশটিকে একটি চুক্তিতে আসার অথবা গুরুত্বপূর্ণ এই নৌপথটি খুলে দেওয়ার জন্য যে ১০ দিনের সময় দিয়েছিলেন, তার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি আছে। সময় শেষ হওয়ার পরপরই ইরানের ওপর ভয়াবহ আক্রমণ শুরু হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন:  তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ

গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া সময়সীমা বাড়িয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছিলেন। সেই হিসেবে সোমবারই হচ্ছে ট্রাম্পের দেওয়া চূড়ান্ত ডেডলাইন।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রতিক্রিয়ায় ট্রাম্প এই কঠোর অবস্থান নিয়েছেন। তার এই আক্রমণাত্মক বার্তা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে এক নজিরবিহীন ও ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *