২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচি
নারীরপ্রতি সহিংসতা: মানবাধিকার লঙ্ঘন
বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও সনদে নির্যাতন ও বৈষম্যমুক্ত হয়ে জীবন যাপন করার অধিকারকে নারীর মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হলেও বিশ্বজুড়ে নারী নির্যাতন একটি দৈনন্দিন সংঘটিত ঘটনা। দেশে নারী নির্যাতনের হার বেড়েছে নাকি কমেছে এ নিয়ে বিতর্ক বা তথ্য-উপাত্তের ঘাটতি থাকলেও নারীর প্রতি সহিংসতা যে হচ্ছে এবং তা বেশ উদ্বেগজনক এই বিষয়টি নিয়ে কোনো সন্দেহ নেই।
নারীর প্রতি সহিংসতা কেবল ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়; এটি মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও উন্নয়নের প্রশ্ন। শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক নির্যাতনসহ নিয়ন্ত্রণমূলক আচরণ নারীর স্বাধীনতা, মর্যাদা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন এবং সামাজিক অংশগ্রহণকে বাধাগ্রস্ত করে। ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, রাস্তাঘাট কিংবা অনলাইন কোনো স্থানই সহিংসতার ঝুঁকির বাইরে নয়। এর প্রভাব শুধু ভুক্তভোগীর ওপর সীমাবদ্ধ থাকে না; পরিবার, সমাজ ও সামগ্রিক উন্নয়নও ক্ষতিগ্রস্ত হয়।
১৬ দিনের প্রচারাভিযান কর্মসূচি: ইতিহাস ও তাৎপর্য
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের ক্যাম্পেইন কর্মসূচি, যেটি নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ হিসেবে পরিচিত, একটি বার্ষিক এবং বৈশ্বিক প্রচারাভিযান। ১৯৯১ সালে উইমেন্স গ্লোবাল লিডারশিপ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই প্রচারাভিযানের উদ্যোগ নিয়েছিল সেন্টার ফর উইমেন্স গ্লোবাল লিডারশিপ। প্রচারাভিযানে অংশগ্রহণকারীরা ২৫ নভেম্বরকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস এবং ১০ ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। এর মূল উদ্দেশ্য হলো নারীর প্রতি সহিংসতাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা এবং এটি প্রতিরোধে ব্যক্তি, পরিবার, রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্বকে সামনে আনা। এ উপলক্ষে বিভিন্ন দেশে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, আলোচনা অনুষ্ঠান, ক্যাম্পেইন ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়।
উল্লেখ্য যে ১৯৬০ সালের ২৫ নভেম্বর ল্যাটিন আমেরিকার ডমিনিক্যান রিপাবলিকের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ন্যায়সঙ্গত বিদ্রোহ করার জন্য প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল – এই তিন বোনকে হত্যা করা হয়। মিরাবল সিস্টারদের স্মরণে ১৯৮১ সাল থেকে বেসরকারিভাবে এবং ১৯৯৯ সালে জাতিসংঘের স্বীকৃতির মাধ্যমে এই দিনটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস হিসাবে পালিত হয়। পাশাপাশি জাতিসংঘ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ হিসাবে ঘোষণা করে। জাতিসংঘ ২০০৮ সাল থেকে ইউনাইট টু এন্ড ভায়োলেন্স এগেইনস্ট উইমেন উদ্যোগের মাধ্যমে এ প্রচারাভিযানকে সমর্থন করছে।
বাংলাদেশের বাস্তবতা
বাংলাদেশে নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা এখনো গভীর উদ্বেগের বিষয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (UNFPA) যৌথ উদ্যোগে পরিচালিত ‘নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪’ অনুযায়ী, দেশে প্রতি চারজন নারীর মধ্যে তিনজন (৭৬%) জীবনে অন্তত একবার স্বামী বা জীবনসঙ্গীর দ্বারা কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছেন। ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ২৭ হাজার ৪৭৬ জন নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে এই জরিপ তৈরি করা হয়েছে। জরিপে নিয়ন্ত্রণমূলক আচরণ, শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক নির্যাতনের চিত্রও উঠে এসেছে। জরিপের তথ্যমতে বাল্যবিয়ে এবং প্রযুক্তিনির্ভর হয়রানি বা সাইবার বুলিং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সহিংসতার ধরন ও চ্যালেঞ্জ
জাতিসংঘের মতে যে কোনো কাজ যা নারীর দৈহিক, যৌন বা মানসিক ক্ষতির কারণ হয় এবং নারীর সামাজিক ও ব্যক্তিজীবনে তার স্বাধীনতাকে জোরপূর্বক অবদমিত করে রাখে তাকেই নারীর প্রতি সহিংসতা বলা যেতে পারে। এর মধ্যে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন যেমন রয়েছে, তেমনি রয়েছে অর্থনৈতিক নিয়ন্ত্রণ, হয়রানি, বাল্যবিয়ে, পাচার এবং অনলাইন সহিংসতা। অনেক ক্ষেত্রে এক ধরনের নির্যাতন অন্য ধরনের ক্ষতির কারণ হয়। যেমন, যৌন সহিংসতা শারীরিক আঘাতের পাশাপাশি দীর্ঘমেয়াদি মানসিক আঘাত ও সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করতে পারে।
নারীর প্রতি সহিংসতার বৈশ্বিক চিত্রও উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএন উইমেন-এর তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় প্রতি তিনজন নারীর একজন জীবনে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। নারীহত্যা, বাল্যবিয়ে এবং অনলাইন হয়রানিও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে নারী ও মেয়েশিশুরা আরও বেশি ঝুঁকির মুখে পড়েন; একই সঙ্গে নারী মানবাধিকার রক্ষাকারী ও শান্তি প্রতিষ্ঠাকারীরাও নানা ধরনের হুমকি ও সহিংসতার সম্মুখীন হন।
সহিংসতার অনেক ঘটনা সামাজিক চাপ, লোকলজ্জা, ভয় এবং অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে প্রকাশ পায় না। ভুক্তভোগীরা অভিযোগ জানাতে বা আইনি পদক্ষেপ নিতে নিরুৎসাহিত হন। বিচারিক দীর্ঘসূত্রতা, মামলার জট, অপরাধীর প্রভাব এবং আইনবহির্ভূত সালিশি ব্যবস্থা ন্যায়বিচার পাওয়ার পথকে কঠিন করে তোলে। পাশাপাশি সহিংসতার ধরন, প্রতিকার ও সহায়তা পাওয়ার পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও সচেতনতার অভাব রয়েছে।
করণীয়: পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায়
সহিংসতা প্রতিরোধ শুরু করতে হবে পরিবার থেকেই। শিশুদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও মানবিক মূল্যবোধের চর্চা গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে জেন্ডার সমতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, কিশোর-কিশোরীদের ইতিবাচক আচরণে উদ্বুদ্ধ করা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়ানো জরুরি।
রাষ্ট্রকে কার্যকর আইন প্রণয়ন ও তার নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে হবে। ভুক্তভোগীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা, প্রয়োজনীয় চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। তদন্ত ও বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমাতে প্রশাসনিক ও বিচারিক সংস্কার জরুরি। কোনোভাবেই গুরুতর অপরাধের বিচার আইনবহির্ভূত সালিশের মাধ্যমে করা যাবে না।
স্থানীয় নারী নির্যাতন প্রতিরোধ কমিটি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় বাড়াতে হবে। পরিবার, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, যুব ও ছাত্রসংগঠন, গণমাধ্যম, নাগরিক সমাজ এবং উন্নয়ন সংস্থাকে একযোগে কাজ করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিসর ও অনলাইনে হয়রানি বা সহিংসতা দেখলে নীরব না থেকে প্রতিবাদ, নিরাপদভাবে অভিযোগ জানানো এবং ভুক্তভোগীর পাশে দাঁড়ানো জরুরি।
সম্মিলিত অঙ্গীকার
নারীর অধিকার মানবাধিকার। নারীর প্রতি সহিংসতা মানবাধিকারেরই লঙ্ঘন – এই উপলব্ধিকে সামাজিক আচরণ ও রাষ্ট্রীয় কার্যক্রমে প্রতিষ্ঠা করতে হবে। ১৬ দিনের প্রচারাভিযান কেবল ১৬ দিনের কর্মসূচি নয়; এটি সারা বছর সহিংসতার বিরুদ্ধে সচেতনতা, প্রতিরোধ, জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান। আসুন, নারী ও মেয়েশিশুর নিরাপত্তা, মর্যাদা, সমতা ও স্বাধীনতা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার অঙ্গীকার করি।







