মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে কার্যালয়টিতে ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কার্যালয়সংবলিত ভবনে প্রবেশের চেষ্টা করেন। তবে কাচের দরজা থাকায় তাঁরা ভেতরে ঢুকতে পারেননি। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।

কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বলেন, এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার বিষয়ে তাঁরা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তাঁরাও ওই ভবনে ছিলেন।

আরও পড়ুন:  ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে : তারেক রহমান

হামলার পর ভবনটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অবস্থান করছেন। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

এদিকে দুপুর ১২টার দিকে হামলা-ভাঙচুরের বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কী সব বলছেন আপনি! এসব ঘটনা তো ঘটেনি। গ্রেপ্তার কোথা থেকে আসবে।’

অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, ঘটনাটি তাঁর থানা এলাকায় ঘটেনি। এটি অন্য থানার এলাকার ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 16 =