পাইলটকে ছুরিকাঘাত করে বিমান বিধ্বস্তের চেষ্টা

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে এক পাইলট আরেক পাইলটকে ছুরিকাঘাত করে উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আল জাজিরার প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্য তুলে ধরা হয়।

বুধবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েলের কাছে পৌঁছানোর সময় বিমানের এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেন এবং সবাইকে নিয়ে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের ‘নায়ক’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তারা একটি বড় ধরনের বিপর্যয় ঠেকিয়েছেন।

ফ্লাইদুবাই জানিয়েছে, বুধবার উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি জরুরি সংকেত পাঠায়। পরে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানের সব যাত্রী নিরাপদে আছেন এবং তাদের হিসাব নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

আরও পড়ুন:  শেখ হাসিনা ইস্যুতে দিল্লির জবাবের অপেক্ষা করবে ঢাকা

তাবুক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলট ও কো-পাইলট দুজনকেই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফ্লাইদুবাইয়ের সঙ্গে সমন্বয় করে যাত্রীদের জন্য বিকল্প একটি বিমান পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮। তথ্য অনুযায়ী, গ্রিনিচ সময় ৫টা ২১ মিনিটে বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় ছিল। এক মিনিটের মধ্যে সেটি দ্রুত নিচে নেমে ১৭ হাজার ফুটেরও কম উচ্চতায় চলে আসে।

ইসরায়েল জানিয়েছে, সৌদি আরব থেকে ইসরায়েলি যাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 18 =