রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মাহফুজুর রহমান

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ছয় দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপোন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২১ সেপ্টম্বর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরদিন ২২ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমদ সরণি রোডস্থ মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন ইউটার্নে রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কতিপয় সদস্য অবৈধ মিছিল করে নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ বিভিন্ন ইস্যুতে স্লোগান দেয়। এসময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

আরও পড়ুন:  সায়মা ওয়াজেদের জন্মদিন পালিত, মেয়ের জন্য দোয়া চাইলেন মা শেখ হাসিনা

আসামিরা স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ষড়যন্ত্র, প্ররোচিত করে প্রজাতন্ত্রের ক্ষতি সাধনের উদ্দেশ্যে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে।

ওই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − ten =