টানা দরপতনের ধাক্কায় দেশের পুঁজিবাজার আরও তলানিতে গিয়ে ঠেকেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসের ধারাবাহিকতায় দ্বিতীয় কার্যদিবস সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর আশঙ্কাজনক হারে কমেছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক বিগত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পাশাপাশি লেনদেনের গতিতেও বড় ধরনের ভাটা পড়েছে।
দিনের লেনদেনের শুরুতে অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধির সুবাদে ইতিবাচক ধারায় যাত্রা শুরু করে ডিএসই, যার ফলে একপর্যায়ে প্রধান সূচক ৩৬ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পায়। তবে দুপুর ১২টার পর থেকে তীব্র বিক্রয়চাপ শুরু হলে বাজার পুরোপুরি নিম্নমুখী রূপ নেয় এবং শেষ পর্যন্ত বড় ধরনের দরপতনের মধ্য দিয়েই লেনদেন শেষ হয়। দিনশেষে ডিএসইতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৫৬টির দরবৃদ্ধির বিপরীতে ২৯৯টির দাম কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত ছিল। এর মধ্যে ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ প্রদানকারী ভালো কোম্পানির মধ্যে ১৬৮টির দরপতনের বিপরীতে বেড়েছে মাত্র ২৪টির দাম। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া মাঝারি মানের ৬৩টি প্রতিষ্ঠানের দর কমার বিপরীতে বেড়েছে ৯টির দাম। এ ছাড়া লভ্যাংশ না দেওয়া ‘জেড’ গ্রুপভুক্ত ২৩টি প্রতিষ্ঠানের দর বাড়লেও কমেছে ৬৮টির এবং ৩৩টি মিউচুয়াল ফান্ডের দরপতনের বিপরীতে বেড়েছে মাত্র ১টির দর।
অধিকাংশ প্রতিষ্ঠানের দর হারানোর ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে অবস্থান নিয়েছে, যা গত ১ জুনের পর সর্বনিম্ন। পাশাপাশি শীর্ষ ৩০ কোম্পানির ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ৬২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট হ্রাস পেয়ে ১ হাজার ৭৬ পয়েন্টে নেমেছে। সূচকের অবনমনের সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণ ৮৪ কোটি ৭৬ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকায়, যা আগের কার্যদিবসে ছিল ৫৭১ কোটি ৩১ লাখ টাকা। একক লেনদেনে শীর্ষে ছিল এনভয় টেক্সটাইল (২৫ কোটি ২ লাখ টাকা), প্যারামাউন্ট টেক্সটাইল (১৬ কোটি ৭৪ লাখ টাকা) এবং শার্প ইন্ডাস্ট্রিজ (১৫ কোটি ৫৪ লাখ টাকা)। শীর্ষ লেনদেনের তালিকায় আরও জায়গা করে নিয়েছে ব্র্যাক ব্যাংক, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, নিটল ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক ও রিলায়েন্স ইন্স্যুরেন্স।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৮৪টি সিকিউরিটিজের মধ্যে ৩৯টির দর বাড়লেও কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত ছিল ৯টির দর। এর ফলে বাজারটির সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৬১ পয়েন্ট কমেছে। তবে সিএসইতে লেনদেনের আর্থিক পরিমাণ কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৩৪ লাখ টাকায়, যা আগের কার্যদিবসে ছিল ১৪ কোটি ২৪ লাখ টাকা।







