প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য এই নির্বাচনের ভোটার হলেও প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। কারণ, তিনি জাতীয় সংসদের সদস্য নন।

অন্যদিকে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিজের প্রার্থী হিসেবে নিজেই ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। বর্তমানে সংসদে থাকা ৩৪৯ জন সদস্যকে ভোটার তালিকায় রাখা হয়েছে। তবে আদালতের নির্দেশে চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থী অযোগ্য ঘোষিত হওয়ায় আসনটি বর্তমানে শূন্য রয়েছে।

সংসদের সাধারণ আসনগুলোর মধ্যে বিএনপির ২১১ জন, জামায়াতে ইসলামীর ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়জন, অন্যান্য দলের সাতজন এবং স্বতন্ত্র সাতজন সংসদ সদস্য রয়েছেন। সংরক্ষিত নারী আসনে বিএনপি ও সমমনা দলগুলোর ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের ১৩ জন এবং একজন স্বতন্ত্র সদস্য রয়েছেন।

আরও পড়ুন:  মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে কাল প্রধানমন্ত্রীর জার্মানি যাত্রা

ফলে রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থীর পক্ষেই রয়েছে।

গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার পর বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে সংসদ সদস্য না হওয়ায় ভোটার তালিকায় অলি আহমদের নাম নেই। ফলে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও নিজের পক্ষে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =