যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করলো অ‍্যামচ‍্যাম

অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এবং মার্কিন দূতাবাস, ঢাকা যৌথভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে একটি স্মারক অনুষ্ঠানের আয়োজন করে।

এই মাইলফলক আমেরিকার আড়াই শতাব্দীর স্বাধীনতার গৌরবময় যাত্রাকে তুলে ধরে এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে পুনর্ব্যক্ত করে। এটি দুই দেশের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের পারস্পরিক সম্পৃক্ততা আরও জোরদার করার অভিন্ন অঙ্গীকারকে তুলে ধরে।

অনুষ্ঠানের সূচনা হয় অ্যামচ্যাম বাংলাদেশের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে। তার বক্তব্যে তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য ব্যবসায়িক পরিবেশ আরও শক্তিশালী করতে অ্যামচ্যামের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তার বক্তব্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ায় অ্যামচ্যামের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠালে গুনতে হবে ৫ শতাংশ কর

প্রধান উপদেষ্টার কার্যালয়ের (পিএমও) উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন তার বক্তব্যে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং নীতিগত স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতি সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে মার্কিন সংগীতের পরিবেশনা ছিল। এই আয়োজন দুই দেশের অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের প্রতিফলন ঘটায়।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অ্যামচ্যাম বাংলাদেশের সহ-সভাপতি এবং মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদের ধন্যবাদজ্ঞাপন বক্তব্যের মাধ্যমে। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল অংশীদার ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের বাণিজ্যবিষয়ক কাউন্সেলর পল ফ্রস্ট এবং অ্যামচ্যামের কোষাধ্যক্ষ জনাব রেজা উর রহমান মাহমুদ। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কূটনীতিকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন, যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বহুমাত্রিক ও সুদৃঢ় অংশীদারিত্বের গভীরতাকে প্রতিফলিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *