মেসি চেয়েছিলেন আজ অন্যরা খেলুক: স্কালোনি

জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচের একাদশে লিওনেল মেসি থাকছেন না সেটা আগেই জানা গিয়েছিল। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরুতে জর্ডানের কাছে গোল হজম করার পরই মেসিকে মাঠে নামার আর্জেন্টাইন কোচ। বদলি খেলোয়াড় হিসেবে নেমে অসাধারণ এক ফ্রি-কিক থেকে গোলের দেখাও পান তিনি। ম্যাচ শেষে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি জানান, মেসি নিজে থেকেই বেঞ্চে বসতে চেয়েছিলেন, যেন অন্য সতীর্থরা খেলার সুযোগ পান।

স্কালোনি বলেন, ‘আজ ও চাইলে পুরো ৯০ মিনিট খেলতে পারত। প্রতিপক্ষকে অসম্মান না করেই বলছি, ও চাইলে নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিতে পারত। কিন্তু ও চেয়েছিল সতীর্থরা খেলুক, যেন সবাই আগামী ম্যাচগুলোর জন্য তৈরি হতে পারে। এটাই ওর মহত্ত্ব।’

মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেসব রেকর্ড বা পরিসংখ্যান নিয়ে মেতে থাকে, লিও সেসবের তোয়াক্কা করে না। দলের প্রতি, সতীর্থদের প্রতি ওর ভালোবাসা কতখানি এই সিদ্ধান্তই তার প্রমাণ। এর বাইরে ওকে নিয়ে বলার মতো নতুন কোনো ভাষা আমার নেই।’

আরও পড়ুন:  ১ মিনিটের বিজ্ঞাপনে মেসির আয় ১৫৩ কোটি

বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বের প্রথম দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটের টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি তাদের জন্য ছিল স্রেফ নিয়ম রক্ষার ম্যাচ। সেই ম্যাচেও হেসেখেলে ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা।

জর্ডানের বিপক্ষে মাঠে নামার আগেই বেঞ্চের শক্তি পরীক্ষা করার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। আজ স্কালোনির সবচেয়ে চমকপ্রদ পরীক্ষা ছিল এজেকিয়েল পালাসিওসকে রাইটব্যাক পজিশনে খেলানো। লেভারকুসেনের এই সেন্ট্রাল মিডফিল্ডারকে রক্ষণভাগে নামানোর ব্যাখ্যায় তিনি বলেন, ‘এই পজিশনে আমাদের বিকল্প তৈরি রাখা দরকার। নাহুয়েলকে (মলিনা) বিশ্রাম দিয়েছি, কারণ ও লম্বা বিরতির পর ফিরেছে। আর গঞ্জালোকে (মন্তিয়েল) নিয়ে ঝুঁকি নিতে চাইনি। ও আমাদের জন্য নকআউটের গুরুত্বপূর্ণ সময়ে কাজে আসবে।’

আরও পড়ুন:  আর্জেন্টিনার ৬৮ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন মেসি

প্রথমার্ধে চেনা ছন্দের বাইরে গিয়েও দলের জয়ে দারুণ খুশি আর্জেন্টাইন কোচ। নিয়মিত একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের সুযোগ দিতে পেরে তিনি স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আজকের ম্যাচটা ছিল কাউকে ঝুঁকিতে না ফেলে নতুন কাউকে বাজিয়ে দেখার নিখুঁত সুযোগ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *