আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ

দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাপেট আন্দোলনের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত চারদিন ধরে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার শারীরিক পরিস্থিতি বিবেচনায় আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, তার স্বামীর রক্তচাপ ও শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছিল। চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে এবং সেখানেই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই গুণী শিল্পী। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টেও থাকতে হয়েছিল তাকে। পরে কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি নিউমোনিয়ার জীবাণুতে আক্রান্ত হওয়ার পর আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

আরও পড়ুন:  খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনে মুস্তাফা মনোয়ার একটি উজ্জ্বল নাম। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও তিনি পরবর্তীতে দেশের পাপেট আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিতি লাভ করেন। টেলিভিশনে শিশু-কিশোরদের জন্য নির্মিত তার নানা অনুষ্ঠান ও সৃজনশীল উদ্যোগ কয়েকটি প্রজন্মের শৈশবকে রাঙিয়েছে।

শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন। এছাড়া ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ‘সুলতান স্বর্ণপদক’-এ ভূষিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *