ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতা: ইসরাইল থেকে ২০ শতাংশ রিফুয়েলিং বিমান প্রত্যাহার করছে ওয়াশিংটন

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা হওয়ার পর ইসরাইলের বেন গুরিয়ান বিমানবন্দর থেকে ২০ শতাংশ রিফুয়েলিং (আকাশে জ্বালানি সরবরাহকারী) বিমান সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। আজ (মঙ্গলবার, ১৬ জুন) ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনের আনাদোলু এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে সম্মত হওয়ার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে, যা স্থায়ীভাবে যুদ্ধ অবসানের পথ প্রশস্ত করবে।’ তবে বিমানগুলো ইসরাইলের বাইরে সরিয়ে নেয়া হবে নাকি দেশটির অন্য কোনো বিমানঘাঁটিতে স্থানান্তর করা হবে, সে বিষয়ে চ্যানেল ১২ সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। এর আগে গত রোববার ইসরাইলের পরিবহন মন্ত্রী মিরি রেজেভ ইঙ্গিত দিয়েছিলেন যে, বিমানগুলো ইসরাইলি বিমান বাহিনীর ঘাঁটিতে পাঠানো হতে পারে।

আরও পড়ুন:  আয়াতুল্লাহ আলি খামেনিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে

রেজেভ জানান, বর্তমানে বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ৭২টি রিফুয়েলিং বিমান অবস্থান করছে, যা বিমানবন্দরের পার্কিং এলাকার প্রায় অর্ধেক দখল করে রেখেছে। গত ফেব্রুয়ারিতে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর ওই অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করে। ওই হামলায় ৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান। জবাবে ইরানও ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায় এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দেয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর দুই দেশ যুদ্ধ শেষ করতে একটি রূপরেখা চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয়। আগামী ১৯ জুলাই সুইজারল্যান্ডে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *