রোববার যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি সই হচ্ছে না: ইরান

সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামীকাল রোববার (১৪ জুন) কোনো সমঝোতা স্বারক সই হবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা জানান।
তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা স্মারক নিয়ে কাজ চলছে, যার মূল লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো। এই পর্যায়ে পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা করা হবে না।

তিনি আরও বলেন, ‘সমঝোতা স্মারকটি ঠিক কবে স্বাক্ষরিত হবে, সে বিষয়ে আমাদের আরও অপেক্ষা করতে হবে। এটি আগামীকাল হবে না, তবে আগামী কয়েক দিনের মধ্যে স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। অপর পক্ষের অস্থির অবস্থানের কারণে এ প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।’
 
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শান্তিচুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তান চুক্তির ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। এরপর আগামী সপ্তাহে উভয় পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।
 
শেহবাজ শরিফ লিখেছেন, ‘শান্তিচুক্তির আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি অবস্থানে রয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই শান্তিচুক্তিতে ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান এবং পরবর্তী ধাপে আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।’
 
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই ঐতিহাসিক শান্তিচুক্তি দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে বলে আমরা আত্মবিশ্বাসী।’
 
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাতের সূচনা হয়। জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। একই সময়ে লেবাননের হিজবুল্লাহ ইসরাইলে হামলা শুরু করলে ইসরাইল ও ইরান-সমর্থিত গোষ্ঠীটির মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *