যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, চুক্তির শর্তগুলো ইতিমধ্যে কার্যকর হতে শুরু করেছে এবং এর বিনিময়ে ইরানকে নতুন করে কোনো আর্থিক সুবিধা বা অর্থ ছাড় দেওয়া হচ্ছে না।

আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম এবিসির ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জে ডি ভ্যান্স এই তথ্য জানান।

ভ্যান্স বলেন, ‘আমরা ইতিমধ্যে গতকাল (রোববার) চুক্তিটি ডিজিটালি সই করেছি এবং ইরানের কোনো অর্থ অবমুক্ত বা ছাড় দেওয়া হয়নি। আর এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না।’

দুই দেশের মধ্যে চূড়ান্ত সমঝোতার আগেই চুক্তিটি ইলেকট্রনিক উপায়ে সই হওয়ার একটি খসড়া বা প্রস্তাবনা নিয়ে গুঞ্জন থাকলেও ভ্যান্সের এই বক্তব্যের আগপর্যন্ত বিষয়টি নিয়ে একধরনের ধোঁয়াশা ছিল। অবশেষে তাঁর এই মন্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট হলো যে, ডিজিটালি চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়ে গেছে।

আরও পড়ুন:  হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, শারজা বন্দরে ফিরে যাচ্ছে

তবে এর আগে গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তির একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছিলেন, চুক্তির অন্তত একটি গুরুত্বপূর্ণ শর্ত—অর্থাৎ, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টি শুক্রবারের সেই আনুষ্ঠানিক সইয়ের আগে পুরোপুরি কার্যকর হচ্ছে না।

ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্প তাঁর ঘোষণায় লিখেছিলেন, ‘শুক্রবার চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গে মাইন অপসারণের উদ্দেশ্যে হরমুজ খুলে দেওয়া হবে। এতে মধ্যপ্রাচ্যে পুরো বিশ্বের জন্য আবারও তেল সরবরাহ শুরু হবে।’

তথ্যসূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *