সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

বেশ কয়েকদিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে সোমবার (২০ এপ্রিল) আবারও দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। 

ইরানি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল রোববারই পাকিস্তানে পৌঁছাবে এবং সোমবার আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে।

তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

এর আগে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও সেখানে কোনো অগ্রগতি হয়নি। পরে পাকিস্তানের মধ্যস্থতায় আবারও আলোচনায় বসতে সম্মত হয় দুই দেশ।

পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়। বর্তমানে দুই দেশের মধ্যে ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকায় নতুন করে সংলাপের সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন:  আকাশে রহস্যময় আলোর রেখাটি ছিল ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার

আসন্ন বৈঠককে ঘিরে ইসলামাবাদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য প্রদেশ থেকে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে।

এর আগে টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে ১১ এপ্রিল ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

নতুন এই বৈঠককে সম্ভাব্য স্থায়ী শান্তিচুক্তির পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *