রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরায় উপজেলা যুবদল নেতা জানে আলম সিকদারকে (৪৮) দুর্বৃত্তরা গুলি করে পালিয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আজ সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জানে আলম সিকদার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আজগর আলী সিকদার বাড়ির মৃত হামদু মিয়ার ছেলে। তিনি রাউজানের সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

নিহতের বড় ভাই বদিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সড়কে ছিলাম, হঠাৎ দেখি অন্ধকারে কে যেন দৌঁড় দিয়েছে। পরে খেয়াল করে দেখি আমার ভাই জানে আলম। যারা গুলি করেছে, তাঁরা আমার পাশ দিয়ে চলে গেছে।’

আরও পড়ুন:  ইয়ুথ গ্রুপের সাবেক এমডি ফিরোজ আলম-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

প্রত্যক্ষদর্শীরা জানান, এক মোটরসাইকেলে করে তিনজন এসে জানে আলম গুলি করেছে। তাঁর বুকের ডান পাশে গুলি লেগেছে।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত করে দেখছি। এঘটনায় কে বা কারা জড়িত জানার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *