মনগড়া টিআরপি-প্রচারসংখ্যা দিয়ে বিজ্ঞাপন বণ্টন হবে না: তথ্যমন্ত্রী

মনগড়া তথ্যের ভিত্তিতে করা টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং পত্রিকার প্রচারসংখ্যা অনুযায়ী বিজ্ঞাপন বণ্টনব্যবস্থা থেকে সরকার বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ রোববার সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের (টিইসি) নেতাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী এই তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘টিআরপি এবং পত্রিকা ছাপার সংখ্যা—যেহেতু এই দুইটা হচ্ছে আউটলেট। আপনার ভিজ্যুয়াল মিডিয়ায় কত লোক দেখে, কত লোক দেখে না—এটার একটা পরিসংখ্যান ব্যবস্থা আজকালকার ডিজিটাল যুগে কোনো কঠিন কাজ না।’

কোন পত্রিকা কত কপি ছাপা হচ্ছে তা পাওয়ার এখন পর্যন্ত ডিজিটাল পদ্ধতি সরকারের কাছে নেই বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এই না থাকার সুযোগে মাত্র ৫০০টা টিআরপি দিয়ে…অথবা সেই মিথ্যাকে গ্রহণ করব, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মনগড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ-সুবিধা বণ্টন করব—এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে।’

আরও পড়ুন:  উন্নয়নের গতি অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই : তথ্যমন্ত্রী

সঠিক পদ্ধতিতে টিআরপি এবং পত্রিকার প্রচারসংখ্যা নির্ধারণের পর সুযোগ-সুবিধার কোনো পরিবর্তন হবে না বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কিন্তু যে তথ্য-পরিসংখ্যানের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নেব, সেখানে কোনো মিথ্যার আশ্রয়ের মধ্যে তথ্য মন্ত্রণালয় আর থাকবে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘একবার যখনই একটা রাইট ডিজিটাল টিআরপি সিস্টেম দাঁড় করতে পারব এবং একটা রাইট ডিজিটাল প্রিন্ট কাউন্টিং দাঁড় করতে পারব, তখন তার ভিত্তিতে আমি সব ধরনের সুযোগ এবং অধিকারের বণ্টনটাও করতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *