ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা রাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মধ্য ওডিশার গোপালপুর এলাকায় ঝড়টি আঘাত হানে। উপকূল অতিক্রম করতে ঝড়টির প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। স্থলভাগে প্রবেশের সময় ঝড়টির গতিবেগ কমে এলেও উপকূলীয় এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা বলেন, স্থলভাগে ওঠার সময় সাধারণত ঘূর্ণিঝড়ের গতিবেগ কমে যায়। আকভানের ক্ষেত্রেও তা হয়েছে। তবে উপকূল অতিক্রমের সময় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন:  সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির সম্ভাবনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, শুক্রবারও দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবারও দেশের কোনো কোনো এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 16 =