গঙ্গা চুক্তি ও হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে যা বলল ভারত

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর বেশি সময় বাকি নেই। আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনার অগ্রগতি কী, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নতুন কোনো তথ্য দিতে পারেননি। বরং আগের ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের ওপরই নির্ভর করতে বলেছেন তিনি। শুধু গঙ্গার পানি চুক্তি নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্য এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও নতুন কোনো অবস্থান জানায়নি নয়াদিল্লি।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব বিষয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে চুক্তি নবায়ন, দুই দেশের শীর্ষ পর্যায়ের যোগাযোগ কিংবা যৌথ নদী কমিশনের সম্ভাব্য বৈঠক নিয়ে স্পষ্ট কোনো দিকনির্দেশনা দেননি তিনি।

এদিকে, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতার পেছনে দিল্লিতে অবস্থানরত ‘পলিটিক্যাল মাস্টারদের’ ইন্ধন রয়েছে—প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে রণধীর জয়সওয়াল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন।

আরও পড়ুন:  প্রধানমন্ত্রীকে পাঠানো বাইডেনের চিঠিকে স্বাগত জানিয়েছে ঢাকা

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তাঁর কোনো মন্তব্য নেই। তবে ভারত ধারাবাহিকভাবে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার অবস্থানে রয়েছে। দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতেই এ সম্পর্ক এগিয়ে নিতে চায় নয়াদিল্লি।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশ সরকারের অনুরোধের বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, জানতে চান সাংবাদিকেরা।

জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তাঁর কাছে নতুন কোনো তথ্য বা হালনাগাদ খবর নেই। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগের প্রেস ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য পর্যালোচনার পরামর্শ দেন তিনি।

গঙ্গার পানি চুক্তি ও জেআরসি বৈঠক নিয়ে যা বললেন

আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তি নবায়নের বিরোধিতায় বিভিন্ন মহলের দাবি এবং দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, গঙ্গাসহ আন্তঃসীমান্ত নদী ও পানিসংক্রান্ত সব বিষয় আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো।

আরও পড়ুন:  ‘মিউনিখে শেখ হাসিনার সাহসী কূটনীতিই আমরা দেখলাম’

তিনি আরও বলেন, ভারতের স্বার্থ সুরক্ষিত রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাসহ ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং সম্ভাব্য যৌথ নদী কমিশনের বৈঠক থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসবে, নাকি কেবল কারিগরি পর্যায়ে আলোচনা হবে— এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না, সে বিষয়ে তাঁর কাছে আপাতত নতুন কোনো তথ্য নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী সময়ে জানাতে পারবেন।

আগামী ১২ ডিসেম্বরের পর গঙ্গার পানি বণ্টন চুক্তি সাময়িকভাবে নবায়ন করা হবে, নাকি নতুন করে পূর্ণাঙ্গ নবায়ন হবে—এমন প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

প্রধানমন্ত্রী পর্যায়ে স্বাক্ষরিত চুক্তি নবায়নের ক্ষেত্রে কেবল কর্মকর্তা পর্যায়ের বৈঠক যথেষ্ট কি না, নাকি দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা প্রয়োজন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গঙ্গার পানি বণ্টন ও চুক্তি নিয়ে তিনি কিছুক্ষণ আগেই এবং গত তিন-চারটি প্রেস ব্রিফিংয়েও কথা বলেছেন। বিষয়টি আগের বক্তব্যেই রয়েছে, এর বাইরে নতুন করে যোগ করার কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − eight =