নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন স্বল্প সময়ের মধ্যে ঢাকা-খুলনাসহ চট্টগ্রাম-কক্সবাজার যাতায়াতকারী যাত্রীরা। গোপালগঞ্জ হয়ে বরিশালেও কোনও বাস চলাচল করছে না। ফলে অনেকেই খুলনার বাস টার্মিনালসহ বিভিন্ন পয়েন্টের কাউন্টারে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে রেখে বাস চলাচলে বাধা সৃষ্টি, কয়েকটি বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অবরোধ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাস মালিক সমিতি।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা বেলা দেড়টার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।’
তিনি বলেন, ‘গোপালগঞ্জের ওপর দিয়ে পদ্মা বহুমুখী সেতু হয়ে চলাচলকারী খুলনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে। খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে কাশিয়ানি দিয়ে পদ্মাসেতু দিয়ে চলাচলকারী বাসও বন্ধ রাখা হয়েছে। কেবলমাত্র আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল করছে। এখানে আমাদের কিছু করার নেই। নিরাপত্তার অভাবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের।’







