২৪ হাজার ১৩টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়া হয়।

অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে সংসদ কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

সংসদ সদস্য কেরামত আলী তার প্রশ্নে জানতে চান—বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কী কারণে এগুলো নিষ্পত্তি হয়নি এবং কবে নাগাদ হবে, সে বিষয়ে সরকারের কোনো রোডম্যাপ আছে কি না?

আরও পড়ুন:  হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯

উত্তরে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

জেলা পর্যায়ের কমিটিগুলোর কার্যপদ্ধতি ব্যাখ্যা করে মন্ত্রী জানান, এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে থাকে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কি না—তা বিবেচনা করেই কেবল মামলা প্রত্যাহারের সুপারিশ করে তারা।

আরও পড়ুন:  লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক—অর্থ ও গুরুত্ব

জবাবে আইনমন্ত্রী আরও বলেন, জেলা কমিটিসমূহের সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে একই বছরের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক প্রমাণিত হলে, তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − eight =