দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৬৯ শিশু।
রোববার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক শিশু।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৬৪ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৪ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯০ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ৮৭৯ জন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৯ শিশু, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৪৩ জন।
১৫ মার্চ থেকে ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০। এদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৩ হাজার ৫০০ জন। এ সময় মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯০ হাজার ৬০৫ জন বাড়ি ফিরেছে।







