‘সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে’: অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সরকারের কিছুটা হলেও ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এ প্রসঙ্গে প্রশ্ন করা মহলে এ কথা বলেন তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, ‘জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সেই দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের ঘটনা ঘটলে কেউ মনে করতেই পারেন, এখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে। কারণ, সরকার এসব ঘটনা ঠেকাতে পারেনি। তবে সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।’

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে এক সাংবাদিক বলেন, ‘গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নানা সহিংস ঘটনা ঘটছে। ফরিদপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় থাকা চালক জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। এর আগে একটি স্কুলবাসেও বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কী করছে?’

আরও পড়ুন:  কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। আর একটি ঘটনায় একজন মানুষের মৃত্যুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কোনো কিছু হয়নি, এটা বলা সরকারের দিক থেকে ঠিক হবে না।’

সরকার দ্রুত এসব ঘটনা নিয়ন্ত্রণে আনবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘যারা ককটেল বিস্ফোরণ ঘটাতে গেছে, তাদের অনেকে হাতেনাতে ধরা পড়েছে। তাদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের প্রবণতা কমে আসবে।’

জনগণকে অযথা ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম এবং বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের সভা-সমাবেশ করার বিষয়ে প্রশ্ন করা হয়। বিশেষ করে লন্ডন থেকে দেশে এসে একজন সাবেক সংসদ সদস্য কীভাবে নিজ নির্বাচনী এলাকায় সভা করলেন এবং ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রসংগঠনের মিছিলের বিষয়ে গোয়েন্দাদের কাছে আগাম তথ্য ছিল কি না, তা জানতে চান একজন সাংবাদিক।

আরও পড়ুন:  ঢাবিতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ৩

জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আওয়ামী লীগ করেছেন বা দলটির সঙ্গে যুক্ত ছিলেন এমন প্রত্যেক ব্যক্তির অন্য কোনো সভা-সমাবেশে অংশ নেওয়ার ওপর স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা নেই। কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে অন্য ধরনের সভা-সমাবেশ করতে পারবেন।

বিদেশ থেকে এসে আওয়ামী লীগের কর্মসূচি করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা যদি হয়, এটা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রসংগঠনের মিছিলসহ বিভিন্ন স্থানে হঠাৎ করে রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতার ঘটনায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এসব ঘটনাকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলতে তিনি প্রস্তুত নন।

আরও পড়ুন:  শেখ হাসিনা-মোদি বৈঠক, সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা

তিনি আরও বলেন, বাংলাদেশ অনেক বড় দেশ। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিদিন শত শত তথ্য আসে। এর মধ্যে কিছু ঘটনা হঠাৎ করে ঘটতে পারে। আবার অনেক ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগেই প্রতিহত করে, যেগুলো সব সময় জনসমক্ষে আসে না।

সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে ব্যর্থতা বলতে রাজি নন জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো বাহিনীর পারফরম্যান্স মূল্যায়ন করা ঠিক হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =